মূল ফটক থেকে পুরো চত্বর যানবাহনে ভরা। জরুরি বিভাগে চিকিৎসাপত্র দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ভেতরে ঢুকতেই দুর্গন্ধ। চিকিৎসা-বর্জ্য ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে চারপাশে। নতুন রোগী এলেই কৌশলে ঘিরে ধরছে দালাল চক্র। বিছানাসংকটে মেঝে ও বারান্দায় ঠাসাঠাসি করে আছেন রোগীরা। দোতলায় ঘুরে ঘুরে পাউরুটি ও লাড্ডু বিক্রি করছেন দুই ব্যক্তি।
গত বৃহস্পতি, শুক্র ও শনিবার পর পর তিন দিন সকালে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে পাওয়া গেল একই অবস্থা। একবেলা পরিদর্শন ছাড়া দেখা মিলছে না চিকিৎসকদের। রয়েছে চিকিৎসক, নার্স ও যন্ত্রপাতি সংকট। এসব সংকট আর অবহেলায় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের বেহাল অবস্থা। সেবা নিতে এসে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।
হাসপাতালের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নয়টি উপজেলায় মোট লোকসংখ্যা ২২ লাখ ৫ হাজার ১৪০ জন। বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বাইরে একমাত্র ভরসা পাবনা জেনারেল হাসপাতাল। ২০০৫ সালের ২ এপ্রিল হাসপাতালটিকে ১২০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু দীর্ঘদিনেও প্রয়োজনীয় চিকিৎসক, লোকবল ও যন্ত্রপাতি দেওয়া হয়নি। পরিচালক ছুটিতে আছেন। সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন), সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি), সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি), জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। দুজন এনেসথেটিস্টের কেউই নেই। চারজন জরুরি চিকিৎসা কর্মকর্তার পদে আছেন একজন। সহকারী রেজিস্ট্রারের পাঁচটি পদে আছেন দুজন। জ্যেষ্ঠ সেবক-সেবিকাদের ১৪৪টি পদে কর্মরত আছেন ৭৫ জন। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা কর্মচারীর ১৪০টি পদের ৪৫টি শূন্য। আটটি অ্যাম্বুলেন্সের পাঁচটি অচল। ছয়টি এক্স-রে মেশিনের মধ্যে চালু আছে একটি। তিনটি অলট্রাসনোগ্রাম মেশিনের দুটি নষ্ট। তিনটি ইসিজি মেশিনের মধ্যে চলছে একটি। পাঁচটি এনেসথেসিয়া মেশিনের সবগুলোই অচল।
সেবা নিতে আসা ১০ জন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সংকট আর অবহেলায় হাসপাতালটিতে নামকাওয়াস্তে চলছে সেবা। একটু জটিল রোগী ভর্তি হলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য কোনো হাসপাতালে। সকালে একবার পরিদর্শন ছাড়া কোনো চিকিৎসকের দেখা পাওয়া যাচ্ছে না। বাকি সময় সেবা দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসক ও সেবিকারা। ঠিকমতো পরিষ্কার না করায় পুরো হাসপাতালে দুর্গন্ধময় পরিবেশ। শৌচাগারগুলো ব্যবহার করা যাচ্ছে না।
হাসপাতালে দায়িত্বরত কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জানান, জ্যেষ্ঠ চিকিৎসকেরা না থাকায় অতিরিক্ত রোগীর চাপে তাঁদেরও মাঝেমধ্যেই ঝামেলা পোহাতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্যও বেড়েছে। রোগী ঢোকামাত্রই দালালেরা তাঁদের পিছু নিচ্ছে, হয়রানি করছে। প্রশাসনিকভাবে এসব রোধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহম্মেদ উল হক প্রথম আলোকেবলেন, প্রতি মাসে পরিচালনা পরিষদের বৈঠকে হাসপাতালের পরিবেশ বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বৈঠকের পর আর কোনো কাজ হচ্ছে না। পরবর্তী বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে।
দালাল ও যানবাহন প্রবেশ রোধ বিষয়ে হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের লোকজন সব সময় দৌড়াচ্ছে। কিন্তু প্রশাসনিক দুর্বলতার কারণে কিছু করা সম্ভব হচ্ছে না।’
অপরিষ্কার অবস্থা সম্পর্কে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুস সাত্তার বলেন, ‘আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি। কিন্তু অতিরিক্ত রোগীর চাপে পরিষ্কার থাকছে না।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম আবদুল আলীম বলেন, ‘সম্প্রতি এক রোগী নিয়ে প্রায় সারা দিন হাসপাতালে ছিলাম। ১১টার দিকে গিয়ে জানলাম পরিচালক ছুটিতে। ১২টার দিকে গিয়ে দেখলাম তাঁর কক্ষ একেবারে ফাঁকা। ডাক্তাররা তাঁদের কক্ষে নেই। প্রতিটি ওয়ার্ডে রোগী দেখছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোগীদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠলেও ডাক্তারদের কর্ণকুহরে তা প্রবেশ করছে না।’
জেলা সদরের টেবুনিয়া গ্রামের আরিফ আহম্মেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা অধিকাংশ সময়ই সঠিক সিদ্ধান্ত দিতে পারছেন না। ফলে রোগীদের অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে হাসপাতালের সহকারী পরিচালক নারায়ণ চন্দ্র দে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘হৃদ্রোগে আক্রান্ত হয়ে আমি ছুটিতে। একজন চিকিৎসককে হাসপাতালের দায়িত্ব দিয়ে এসেছিলাম, তিনিও পদোন্নতি পেয়ে অন্যত্র চলে গেছেন। ফলে পরিবেশ একটু খারাপ হতে পারে। তবে সব সময়ই চেষ্টা থাকে ভালো রাখার।’
বিভিন্ন সংকট বিষয়ে নারায়ণ চন্দ্র দে বলেন, প্রতি মাসেই চিকিৎসক ও যন্ত্রপাতিসহ সব সংকটের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু পদগুলো পূরণ হয় না। ফলে বাধ্য হয়ে ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভর করতে হয়। আগামী মাসে আরও দুজন জ্যেষ্ঠ চিকিৎসক চলে যাবেন। নতুন চিকিৎসক না এলে সংকট আরও বাড়বে।