বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হাতে রোগীর স্বজনদের মারধর ও কান ধরে ওঠবসের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের ইন্টার্নশিপ বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গত সোমবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও বিএমডিসি কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন তিনি। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
রোগীদের ভোগান্তিতে রেখে, জিম্মি করে অহেতুক যারা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না। সে চিকিৎসকই হোক, আর রোগীর স্বজনই হোক।’
গত রোববার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে মারধর করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁকে বাঁচাতে পরিবারের একজন নারী সদস্য এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ এনে এবং পুলিশে দিয়ে নিজেদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার বেলা একটা থেকে সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেন তাঁরা।