ইন্ডাস্ট্রিঅল পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাত নিয়ে ইন্ডাস্ট্রিঅল নামক আন্তর্জাতিক একটি সংগঠন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু শ্রমিকনেতা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রিঅল নামক সংগঠনের সভাপতি বিএনপির নেতা নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক (মহাসচিব) আওয়ামী লীগের নেতা রায় রমেশ চন্দ্র। রমেশ চন্দ্রকে অবশ্য আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হয়েছে। সংগঠনটি পোশাক কারখানায় শ্রমিক নির্যাতনের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এই অভিযোগ করেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ও সাত কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারেও বক্তব্য দেন তিনি।
এ বিষয়ে নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সভাপতি হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো সরকারি বা অন্য কোনো দপ্তরে কোনো চিঠি লেখেননি। তিনি বলেন, ‘জানি না, বাণিজ্যমন্ত্রী কেন আমাকে দেশদ্রোহী মনে করে এটা করলেন। তবে তিনি ভয়ংকর অন্যায় করেছেন। ভিত্তিহীন বিষয় নিয়ে অভিযোগ দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) ফিরিয়ে আনতে না পেরে মন্ত্রী সম্ভবত কারও ওপর দোষ চাপাতে এমনটা করেছেন।
রায় রমেশ চন্দ্রও বাণিজ্যমন্ত্রীর অভিযোগকে অসত্য বলেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ইন্ডাস্ট্রিঅল কোনো চিঠি পাঠায়নি। আর আওয়ামী লীগ তাঁকে বাদও দেয়নি। বরং ২০০৩ থেকে ২০১২ সময়ে তিনি জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কাউন্সিল হয়ে পরে নতুন কমিটি হয়েছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মাইনিং অ্যান্ড কেমিক্যাল ইউনিয়ন ফেডারেশন, ইন্টারন্যাশনাল মেটাল ওয়ার্কার্স ফেডারেশন ও ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশন নিয়ে ২০১২ সালে গঠিত হয় ইন্ডাস্ট্রিঅল।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু শ্রমিকনেতা আছেন, যাঁরা শ্রমিক নন। বিদেশিরা কল্পনা আক্তার, বাবুল আক্তারসহ বেশ কয়েকজনের নাম বলে। তাঁরাও শ্রমিক নন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের সব কারখানাতেও ট্রেড ইউনিয়ন নেই। তার পরও তারা ট্রেড ইউনিয়ন করার চাপ দিচ্ছে কেন—যুক্তরাষ্ট্রে বসে এ প্রশ্ন তুলে এসেছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এ বিষয়ে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘১৯৮৯ থেকে ১৯৯৬ সময়ে আমি শ্রমিক ছিলাম। ইউনিয়ন করতে গিয়ে চাকরি হারাই। পরে কালো তালিকাভুক্ত হই। বর্তমানে আমি ট্রেড ইউনিয়নের কর্মী হিসেবে লড়ছি।’ প্রমাণসহ বাণিজ্যমন্ত্রীর কথা বলা উচিত বলে মনে করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা চিন্তাভাবনা করতে হবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক স্থগিত জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে ইউএসটিআর যে ১৬টি শর্ত দিয়েছিল, সেগুলো পূরণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পোশাকমালিকদের সমিতি বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। প্রথম আলোকে এ বিষয়ে তিনি বলেন, ‘লিজ ফ্যাশন, পাইওনিয়ার ফ্যাশন ও ওরিয়্যান্ট ফ্যাশনে শ্রমিক নির্যাতন হয়েছে বলে একটি চিঠি একজন কংগ্রেসম্যান আমাদের দেখিয়েছেন। ওই চিঠিতে ইন্ডাস্ট্রিঅলের লোগো রয়েছে।’