ইন্ডিপেনডেন্ট আজ থেকে নতুন আঙ্গিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট। এখন প্রতিদিন কাগজটির কলেবর হবে ৩২ পৃষ্ঠা। লোগো ও কলেবরের পাশাপাশি পরিবর্তন আসছে পত্রিকাটির রঙেও। এখন থেকে পুরো কাগজটিই হবে রঙিন। নতুন আঙ্গিকে প্রকাশনা উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং পত্রিকার সম্পাদক আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, বিএনপির নেতা মাহবুবুর রহমান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সা’দত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও শফিকুল হক চৌধুরী, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, স্যাটেলাইট চ্যানেল মাছরাঙ্গার প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম প্রমুখ। প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট পাবলিকেশন লিমিটেডের মালিকানাধীন দি ইন্ডিপেনডেন্ট ১৯৯৫ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে।