ইন্ডিপেনডেন্ট টিভির পাশে 'বন্ধুর মুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণে জীবনযাত্রা এখন চার দেয়ালে আটকে গেছে। কী হচ্ছে, কত আক্রান্ত, দেশ-বিদেশের নানান তথ্য জানতে মানুষ সর্বক্ষণই নজর রাখছে টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টালগুলোয়। সংবাদকর্মীরাও ছুটছেন এ তথ্য জানাতে। তবে সংবাদমাধ্যমের কোনো একটি প্রতিষ্ঠানে যদি এ ভাইরাসের সংক্রমণ ঘটে এবং কর্মীদের অনেককে কোয়ারেন্টিনে চলে যেতে হয় সেটা ভাবনার হয়ে দাঁড়ায়। টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্টের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তবে পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো।

গত ৩ এপ্রিল ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্টে জানান, তাঁদের একজন সহকর্মী করোনা ভাইরাস বা ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হয়েছেন। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্বাভাবিকভাবেই একটি সংবাদ প্রতিষ্ঠানের এত কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো কাজের ক্ষেত্রে কিছুটা ভাবনার বিষয় অবশ্যই। তবে সেদিনই ইন্ডিপেনডেন্ট টিভি তাদের ফেসবুকে এক পোস্টে জানায়,

‘বন্ধুর মুখ’

‘দুর্যোগের এ সময়ে দেশের প্রকৃত অবস্থা জানতে গণমাধ্যমই মানুষের বড় ভরসার জায়গা। কিন্তু আকস্মিকভাবে কোনো গণমাধ্যম নিজেই যখন আক্রান্ত হয়, তখন দুশ্চিন্তা বাড়ে বৈ কি?
দুর্ভাগ্যজনকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের একজন সহকর্মীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে দেওয়া এবং তার আশপাশে থাকা আরও ৪৭ জনকে পাঁচ দিনের ঘরবন্দী জীবনে পাঠানোর পর দুশ্চিন্তা ছিল, ২৪ ঘণ্টার একটি নিউজ চ্যানেলের রসদ জোগানোর বিশাল যজ্ঞ আমরা সচল রাখব কী করে? তবে বিপদে মানুষই যেমন মানুষের পাশে দাঁড়ায়, তেমনি এটিএন নিউজ, একাত্তর টেলিভিশন, আরটিভি ও একুশে টেলিভিশনসহ বেশ কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়েছে আমাদের পাশে। বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত, আশ্বাস দিয়েছে খবর জোগাড়ে আমাদের এই মুহূর্তের ঘাটতি পুষিয়ে দেওয়ার।আমরা অভিভূত! এসব চ্যানেলের বার্তাপ্রধান, প্রধান প্রতিবেদক কিংবা অ্যাসাইনমেন্ট এডিটরেরা যোগাযোগ রাখছেন, সাহস জোগাচ্ছেন আমাদের।’

অন্যান্য চ্যানেলের এগিয়ে আসায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কৃতজ্ঞতা প্রকাশ করে। এ বিষয়ে চ্যানেলটির হেড অব নিউজ মামুন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সবাই সহযোগিতা করছে। আরও চ্যানেল- ডিবিসি, যমুনাসহ অনেকে এগিয়ে এসেছে। অসুবিধা হচ্ছে না।’

কারও বিপদে অন্য প্রতিষ্ঠানের এগিয়ে আসার বিষয়ে মামুন আবদুল্লাহ বলেন, ‘দেশের এখন একটা পরিবর্তিত প্রেক্ষাপট। সবাই দেখছে যে দুর্যোগটা একা কারও জন্য না। এটা আমাদের সবার। খারাপ দিন আসছে সামনে। এই মুহূর্তে বিশেষ করে গণমাধ্যমকর্মীরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের প্রত্যেকের জন্য সমস্যা হবে ভবিষ্যতে। সেই ভাবনা থেকেই আমাদের সহকর্মীরা এগিয়ে এসেছেন আমাদের পাশে দাঁড়াতে।’ তিনি জানান, আক্রান্ত সেই কর্মী ভালো আছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।

বন্ধুর মতো পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সহসভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি পৃথিবীর জন্য নতুন। মানবজাতি কখনো এ রকম অবস্থায় পড়েনি। এখানে মানুষের সংস্পর্শে আসাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের গণমাধ্যমের কাজটাই মানুষের কাছে যাওয়া। খবর সংগ্রহ করতে যেতে হচ্ছে। টেলিভিশনে আমাদের ফুটেজের প্রয়োজন হয়, তাই মাঠে যেতে হয়।’

সংবাদকর্মীদের ঝুঁকির বিষয়ে সাংবাদিক নেতা বলেন, ‘চীন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মানুষ যখন আসতে থাকল তখন আমরা তাদের সাক্ষাৎকার করতে গিয়েছি এয়ারপোর্টে। সেটা অনেক বড় ঝুঁকি ছিল। তখন তো নিরাপত্তা সামগ্রীর বিষয়েও অত গুরুত্ব ছিল না। কিন্তু এখন তো সব ধরনের নিরাপত্তা মেনে খবর সংগ্রহে যায় সহকর্মীরা।’

সহায়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইন্ডিপেনডেন্টকে আমরা অন্যান্য চ্যানেল তাদের ফুটেজ দিয়ে সহায়তা করব।’ তিনি আরও বলেন, ‘এই রকম অবস্থায় আমাদের নো ফিজিক্যাল কানেকটিভিটি ডেভেলপ করতে হবে। সবাইকে সাবধানতা মেনেই কাজ করতে হবে এখন।’