
রয়েল সিমেন্ট-দৃষ্টি ব্রেইনস্টর্মিং ব্যবসা ধারণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও কলেজিয়েট স্কুল। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি হোটেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে তরুণদের উচিত নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা। তাহলে বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ৫৬টি দল অংশ নেয়। সমাপনী দিনে স্কুল পর্বের বিষয় ছিল ‘চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি হেলদি সিটিতে পরিণত করা’। তিনটি স্কুল এই নিয়ে তাদের পরিকল্পনা উপস্থাপন করে। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। রানারআপ হয় সিলভার বেলস গার্লস হাইস্কুল।
‘ভবিষ্যৎ সমুদ্রনির্ভর অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা’ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা তাঁদের ধারণা উপস্থাপন করেন। এতে চ্যাম্পিয়ন হয় চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি। রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রয়েল সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, শিল্পপতি নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, শিল্পোদ্যোক্তা মঞ্জুর মোরশেদ, রয়েল সিমেন্টের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফয়সাল নাসির খান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।