ইন্দিরা ভবন নজরুল একাডেমি হচ্ছে কবির জন্মদিনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সল্টলেকে অবস্থিত ইন্দিরা ভবনটি নজরুল একাডেমি করা হচ্ছে। আগামী ১১ জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মদিনে এই ঘোষণা আসছে। তবে এতে আপত্তি জানিয়েছে কংগ্রেস। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।খবরে বলা হয়, সল্টলেকের বাড়িটিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বসবাস করতেন। ২৫ মে বিদ্রোহী কবির ১১৩তম জন্মদিনে ভবনটি নজরুল একাডেমি ভবনে রূপান্তরিত করা হচ্ছে। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনে নজরুল একাডেমি, নজরুল গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই লক্ষ্যে ইন্দিরা ভবন সাজিয়ে তোলা হয়েছে।১৯৭২ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কলকাতায় কংগ্রেসের জাতীয় অধিবেশনে যোগ দেওয়া এবং সেখানে কয়েক দিন অবস্থান করার জন্য বাড়িটি তৈরি করা হয়। পরে এই বাড়ির নাম হয় ইন্দিরা ভবন। ১৯৮৯ থেকে ২০১০ সালে মৃত্যুর দিন পর্যন্ত এই বাড়িতেই বাস করতেন জ্যোতি বসু। তাঁর মৃত্যুর পর বাড়িটি ভাড়া নেয় সিপিএম। কিন্তু রাজ্যে ক্ষমতা বদলের পর মমতা সিদ্ধান্ত নেন, এখানে গড়া হবে নজরুল একাডেমি, গবেষণাগার ও সংগ্রহশালা। তখনই আপত্তি তোলে জাতীয় কংগ্রেস। তারা যুক্তি খাড়া করে, নজরুল একাডেমি গড়ার জন্য রাজ্য সরকারের হাতে বহু জায়গা আছে। তাহলে কেন ইন্দিরার স্মৃতিবাহী ভবনকে নজরুল একাডেমি করা হবে বলে তারা প্রশ্ন তোলে। যদিও ইতিমধ্যে সিপিএম জ্যোতি বসুর সব জিনিসপত্র ও সামগ্রী অন্যত্র সরিয়ে বাড়ির দখল ছেড়ে দিয়ে চাবিটি রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের হাতে তুলে দিয়েছে।