ইন্দিরা মাঠে ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দিরা রোডে ইন্দিরা মাঠে জমে উঠেছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। এ বছরই প্রথম শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রায় ২৪টি দল।
আয়োজক সূত্রে জানা যায়, অংশ নেওয়া দলগুলো আটটি গ্রুপে অংশ নিচ্ছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, মণিপুর, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে অংশ নিচ্ছে দলগুলো। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে দলপ্রতি তিন হাজার টাকা। তেজগাঁও অগ্রগামী ক্লাব ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এ ফুটবল টুর্নামেন্টের। ১২ আগস্ট থেকে শুরু হয়েছে টুর্নামেন্টটি। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ম্যাচগুলো। প্রতিটি ম্যাচ পাঁচ মিনিট বিরতিসহ ৫০ মিনিটের। প্রতিটি ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ফুটবলারকে একটি করে স্মারক মগ দেওয়া হচ্ছে। গতকাল সোমবারের ম্যাচে তেজগাঁও স্টারস জিতেছে; হারিয়েছে নর্থ বেঙ্গলকে ৫-১ গোলে। আয়োজকেরা জানান, ২৭ আগস্টের মাঝে প্রথম পর্বের খেলা শেষ করতে পারবেন। তাঁরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল খেলা আয়োজনের আশা করছেন।
আয়োজক সূত্রে আরও জানা যায়, এ বছর তাঁদের ফুটবল খেলার পুরোনো কিছু ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এই ঐতিহ্যের অংশ হিসেবে ফাইনালে অংশ নেওয়া দলগুলোকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়ার পাশাপাশি তাদের ‘শিল্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটির সদস্যসচিব আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘ইন্দিরা মাঠে প্রতিবছরই আমরা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকি। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দলগুলো টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে আসছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল, ইন্দিরা রোড মাঠটিকে অন্য কাজে ব্যবহার না করে শুধু খেলাধুলা করার জন্য যেন ব্যবহার করা হয়।’