আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় তিনবিঘা করিডর ২৪ ঘণ্টার জন্য খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এভাবে ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।গতকাল রোববার দুপুরে লালমনিরহাটের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন।ওবায়দুল কাদের বলেন, ‘ভারত বিশাল দেশ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর অন্যতম। আমাদের খুব বেশি চাওয়া-পাওয়ার নাই; তবে জাতীয় স্বার্থে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই।’ওবায়দুল কাদের তিস্তা ও ফেনী নদীর পানি চুক্তি সম্পর্কে বলেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি প্রক্রিয়াধীন এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। খুব বেশি সময় লাগবে না, দ্রুত ফেনী নদীসহ ৫৪টি নদীর পানি বণ্টন প্রক্রিয়া আলোর মুখ দেখবে।