ইন্দিরা রোডের টিঅ্যান্ডটি মাঠে শুরু হয়েছে টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইন্দিরা রোড টিঅ্যান্ডটি মাঠে শুরু হয়েছে ‘ক্লেমন-কাঞ্চন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’। গতকাল শনিবার রাত আটটায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের টুর্নামেন্টে ২৪টি দল অংশ নিচ্ছে। ম্যাচ হবে ৩২টি। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও যথাক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। গতকাল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন ও নাইট রাইডার্সের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স ১১৫ রানে জয়লাভ করে।
আয়োজকেরা বলেন, জসীম উদ্দীন কাঞ্চন আবাহনী হকি দলের অধিনায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে বিভিন্ন খেলায় অংশ নিয়েছেন। মৃত্যুর পর তাঁর স্মরণে গত বছর প্রথম আয়োজন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের। এরই ধারাবাহিকতায় এ বছরও টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টের ম্যাচগুলো সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলগুলো অংশ নিচ্ছে। দলগুলোতে জাতীয় দলেরও বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
টুর্নামেন্ট আয়োজন করেছে ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি ও তেজগাঁও অগ্রগামী ক্লাব। টুর্নামেন্টের স্পনসর করছে কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি ক্লেমন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠ কমিটির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি ক্লেমনের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী আলমগীর, তেজগাঁও অগ্রগামী ক্লাবের সাধারণ সম্পাদক জাভেদুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মজিদ। তিনি বলেন, ‘আমরা প্রতিবছর বিভিন্ন খেলার আয়োজন করে থাকি। জসীম উদ্দীন কাঞ্চন ছিলেন একজন ক্রীড়া অনুরাগী ও সংগঠক। তাঁকে স্মরণ করে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’