ইন্দু মিশ্রের চোখ থেকে পানি ঝরছিল অবিরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের ফ্রেমে বাঁধানো স্বামী লিমনের পোর্ট্রেট বুকে চেপে ধরে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন স্ত্রী ইন্দু মিশ্র (২২)। তাঁর চোখ থেকে অনবরত পানি ঝরছিল। গতকাল বুধবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরবাসী।মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদ, উদীচী, সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন দিনাজপুর, যুব মহিলা লীগ, বেসরকারি সংস্থা পল্লী শ্রী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। লিমনের বাবা ফণীন্দ্রনাথ মিশ্র, মা শংকরী মিশ্র, ইন্দুর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জ্যোতির্ময় ব্যানার্জি এবং মাসহ পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, সাবেক পৌর মেয়র সফিকুল হক, সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল কুমার চক্রবর্তী, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিসের দিনাজপুর চ্যাপ্টারের সভাপতি ভোলানাথ ব্যানার্জি, মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাই, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান, সাংবাদিক চিত্ত ঘোষ, আসফ-উদ-দৌলা, সফিকুল ইসলাম, মঈন উদ্দিন চিশতী, কাজী বোরহান প্রমুখ।বক্তারা লিমন হত্যার ১৪ দিনেও আসামি গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার অভিযোগ এনে অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে অবরোধ-হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন।লিমনের বাবা ফণীন্দ্রনাথ সাংবাদিকদের জানান, শহরের বড় গুড়গোলা মহল্লায় তাঁদের বাড়ি। এক বছর আগে শহরের বড় বন্দর এলাকার জ্যোতির্ময় ব্যানার্জির কলেজপড়ুয়া মেয়ে ইন্দু মিশ্রের সঙ্গে ছেলের বিয়ে দেন। ১ মে তাঁদের প্রথম বিয়েবার্ষিকী উদ্যাপিত হয়। বেশ কিছুদিন ধরে ইন্দুকে শহরের পরিচিত কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে আসছিল। জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী লিমন এর প্রতিবাদ করায় ৩ মে রাতে শহরের গণেশতলা এলাকায় বখাটেরা লিমনকে মারধর করে। মারধরের ঘটনায় লিমন আটজন বখাটের নাম উল্লেখ করে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে ফিরিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে পরদিন ৪ মে রাত নয়টার দিকে বখাটেরা শহরের লিলি সিনেমা হলের মোড়ে লিমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে লিমন মারা যান।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম জানান, নিহত লিমনের প্যান্টের পকেট থেকে আটজন বখাটের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করার উদ্দেশ্যে লিখিত একটি এজাহার উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় লিমনের বাবা আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল ইসলামের নাম আছে। অন্য আসামিরা হলেন: অজয় শীল (২৪), তন্ময় গোস্বামী (২৩) মো. বকুল (২৩), সুমন (২৪), রাজন (২৪), সুমন প্রসাদ (২৪) ও সুবীর (২৩)।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, পুলিশ সুমন প্রসাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।