ইন্দুরকানিতে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর
পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানিতে খালে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কালাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম মো. আবির হাওলাদার (১১)। সে ওই গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে ও ইন্দুরকানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে আবির তার বাবার সঙ্গে বাড়ির সামনের খালে গোসল করতে যায়। বাবা ও ছেলে খালে সাঁতার কেটে গোসল করে। গোসল শেষে আল আমিন হাওলাদার বাড়ি ফেরেন। কিন্তু এর এক ঘণ্টা পরও আবির বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে নামে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলের দিকে খালে আবিরের লাশ পাওয়া যায়। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান পানিতে ডুবে আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।