ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি
অবৈধভাবে নৌকায় মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশি অভিবাসীদের ১৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটি থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হলো।
ঢাকার কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি বাংলার খবরে বলা হয়, গত বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই অভিবাসীদের দেশে ফেরত আনা হয়। ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী যাঁরা উদ্ধার হয়েছেন, তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। এ কাজে সাহায্য করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
খবরে বলা হয়, নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ার উপকূলে কয়েক শ বাংলাদেশিকে উদ্ধারের পর দেশটির আচেহ প্রদেশের শরণার্থীশিবিরে রাখা হয়েছে। তাঁদের মধ্য থেকে প্রথমে ১৮ বাংলাদেশিকে বাণিজ্যিক ফ্লাইটে করে দেশে ফেরত আনা হলো।
আইওএমের মুখপাত্র আসিফ মুনির বলেন, ইন্দোনেশিয়ায় উদ্ধার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকার এ পর্যন্ত ২৪৭ জনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে। তাঁদের মধ্যে ১৮ জনকে দেশে আনার মধ্য দিয়ে এসব অভিবাসীকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হলো। এখন ছোট ছোট দলে ভাগ করে অন্যদের ফেরত আনা হবে।
খবরে আরও বলা হয়, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে উদ্ধার হওয়া এক হাজারেরও বেশি অবৈধ অভিবাসীর তালিকা বাংলাদেশ যাচাই করে দেখছে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে।
কয়েক দিন আগে মিয়ানমার উপকূলে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দেড় শ জনকে বাংলাদেশি চিহ্নিত করে ফেরত আনা হয়।