ইন্দোনেশিয়া থেকে বৃহস্পতিবার ফিরছে ১৯ জন অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়া থেকে আগামী বৃহস্পতিবার ১৯ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত ৫ মে উত্তর আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে যে অনথিভুক্ত ২৩৮ ‘বাংলাদেশি’ অভিবাসী উদ্ধার হয়েছিলেন, এই ব্যক্তিরা তাঁদের অন্তর্ভুক্ত।
ইন্দোনেশিয়ার লোকসিউমাবে এলাকার অভিবাসন কার্যালয়ের প্রধান কর্মকর্তা আকমলের উদ্ধৃতি দিয়ে দ্য জাকার্তা পোস্ট বলেছে, একটি বাণিজ্যিক বিমানের ফ্লাইটে পাঠানো হবে ওই ১৯ অভিবাসীকে। তিনি বলেন, লোকসিউমাবে থেকে যাত্রা করে তাঁদের উত্তর সুমাত্রার মেদান শহরে নেওয়া হবে। সেখান থেকে মালয়েশিয়া হয়ে ঢাকা পৌঁছাবেন তাঁরা।
ওই কর্মকর্তা জানান, জাকার্তায় বাংলাদেশ দূতাবাস থেকে ওই ব্যক্তিরা ভ্রমণ কাগজপত্র ও টিকিট পেয়ে যাওয়ায় দ্রুত দেশে পাঠানো হচ্ছে তাঁদের। বাকি অভিবাসীরা বাংলাদেশের নাগরিকই কি না, তা নিশ্চিত হতে তাঁদের যাচাই-বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ প্রক্রিয়া ঠিক কবে চূড়ান্ত হবে, তা নিশ্চিত নন তিনি।
উদ্ধার হওয়া অভিবাসীদের নিবন্ধনের কাজটি সরাসরি বাংলাদেশ দূতাবাস করছে উল্লেখ করে ইন্দোনেশিয়ার এ কর্মকর্তা বলেন, ওই অভিবাসীদের ব্যাপারে দূতাবাসের প্রতিবেদনের জন্য তাঁরা অপেক্ষা করছেন। দূতাবাস ভ্রমণ কাগজপত্র ইস্যু করলেই তাঁদের ইন্দোনেশিয়া দেশে ফেরত পাঠাবে।
মিয়ানমারে বিক্ষোভের পরিকল্পনা: এএফপি জানায়, মিয়ানমার উপকূল থেকে সম্প্রতি উদ্ধার হওয়া ভাসমান রোহিঙ্গা অভিবাসীদের সাহায্য করার প্রচেষ্টার প্রতিবাদে এক দিনের বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করছে উগ্রপন্থী বৌদ্ধরা। বিক্ষোভের আয়োজকেরা গতকাল রোববার জানান, মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্য থেকে ১৪ জুন এ বিক্ষোভ শুরুর পরিকল্পনা করছেন তাঁরা।