ইন্দোনেশিয়া থেকে ১২২ বাংলাদেশিকে ফেরতের প্রক্রিয়া শুরু
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে ১২২ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এক বছরের মধ্যে ওই প্রদেশে থাকা ১ হাজার ৮০০ জন বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানকে পর্যায়ক্রমে ফেরত পাঠানোর লক্ষ্য রয়েছে ইন্দোনেশিয়ার সরকারের। খবর জাকার্তা পোস্টের।
বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করেন ওই অভিবাসীরা। পরে তাঁদের উদ্ধার করা হয়। আশ্রয় হয় আচেহ প্রদেশের শিবিরে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে ১২২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ-বিষয়ক পরিচালক অ্যান্ডি র্যাচমিয়ান্তো জানান, জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চার ধাপে ৯৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এরপর গত বৃহস্পতিবার উত্তর সুমাত্রার মেদান থেকে ২৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। অ্যান্ডি জানান, আচেহ প্রদেশ থেকে ১ হাজার ৮০০ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাকে এক বছরের মধ্যেই ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে এক হাজারজনই রোহিঙ্গা।