ইন্দোনেশিয়ায় উদ্ধার ১৯ 'বাংলাদেশি' দেশে ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকা থেকে উদ্ধার করা ১৯ ‘বাংলাদেশি’ অভিবাসীপ্রার্থীকে আগামী বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হবে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ গত রোববার এ কথা জানিয়েছে। খবর ইউএনবির।
আচেহ প্রদেশের লোকসিউমাউয়ি অভিবাসন কার্যালয়ের প্রধান আকমল বলেন, উদ্ধার করা সন্দেহভাজন ৩৮ জনের মধ্যে ১৯ জন ‘বাংলাদেশি নাগরিক’ বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের একটি বাণিজ্যিক বিমানে করে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হবে।
এই অভিবাসন কর্মকর্তা আরও বলেন, ১৯ জন ‘বাংলাদেশি নাগরিককে’ দেশে ফেরার প্রয়োজনীয় কাগজপত্র ও বিমানের টিকিট জাকার্তায় বাংলাদেশি দূতাবাস দিয়েছে। এখন তাঁদের দেশে ফিরতে আর অসুবিধা নেই। তবে তাঁদের প্রথমে উত্তর সুমাত্রার মেদানে নেওয়া হবে। সেখান থেকে পরে মালয়েশিয়া হয়ে পাঠানো হবে ঢাকায়। তিনি বলেন, উদ্ধার হওয়া অভিবাসীপ্রার্থীদের মধ্যে আরও বাংলাদেশি আছেন কি না, এ বিষয়ে বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সম্প্রতি একদল জেলে আচেহ উপকূলে নৌকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ ৮২৪ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে ৩৮ জনকে পরে আচেহ তামিয়াং জেলার সেরুওয়ে উপজেলার সানগাই কুরোক তিগা গ্রামে আশ্রয় দেওয়া হয়।