ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দুই সুমন

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বালি আন্তর্জাতিক ইউনাইটেড ন্যাশনস সম্মেলনে অংশগ্রহণ করেছেন ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন রহমান ও উপদেষ্টা ফিরোজ আলম সুমন। যুব উন্নয়নমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী সংস্থার দুজন এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
বালিতে ২৪ ফেব্রুয়ারি এ আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৩০টি দেশের প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। যুব উন্নয়ন ও ভলান্টিয়ারিয়াং কর্মকাণ্ডের ওপর বিশেষ প্রেজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ প্রতিনিধিরা।
সুমন রহমান ও ফিরোজ আলম সুমন বলেন, আন্তর্জাতিক পুরস্কার বা সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ অনেক বেশি গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশগ্রহণ এবং প্রাপ্য এ সম্মান একটি অনন্য অভিজ্ঞতা।
প্রসঙ্গত, প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের বিনা বেতনে পড়াচ্ছে ময়ূরপঙ্খী সংস্থা। প্রতিষ্ঠা করা হয়েছে ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল, ময়ূরপঙ্খী কোরআন শিক্ষা আসর, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরি, ময়ূরপঙ্খী ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কাউন্সিলসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান।
২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার এবং যুব কল্যাণ নিয়ে কাজ করছে। দেশের বাইরে ইতিমধ্যে ৪০টির বেশি দেশে ময়ূরপঙ্খীর প্রতিনিধি রয়েছে।