ইন্ধনদাতাদের খোঁজে পুলিশ, গ্রেপ্তার ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্ধনদাতাসহ জড়িত ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এরই মধ্যে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সুপার মো. আবদুল বাতেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গাজীপুর গেয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, পরিদর্শক আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা এতে অংশ নেন।
সম্মেলনে ঘটনা তদন্তে পুলিশ সুপার সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, ওই ঘটনা পরিকল্পিত কি না, কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক ও ষড়যন্ত্র কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গত তিন দিনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকৃত ঘটনা উদ্ঘাটনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সঞ্জিত কুমার রায়কে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের পরিচালকের গাজীপুরের একজন প্রতিনিধি ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, জেলা বিশেষ শাখার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই রবিউল ইসলাম।
পুলিশ সুপারের কাছে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২৮ নভেম্বর রাত ১১টার দিকে কোনাবাড়ী জরুন এলাকার বিভিন্ন সোয়েটার-গার্মেন্টস ফ্যাক্টরি ও স্ট্যান্ডার্ড কারখানার কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক, বহিরাগত সন্ত্রাসীসহ কয়েক হাজার অজ্ঞাতনামা লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্ট্যান্ডার্ড কারখানায় ঢোকেন এবং বিভিন্ন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা কারখানার সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ১৯টি কাভার্ড ভ্যান ও চারটি মাইক্রোবাস পুড়িয়ে দেন। এ ঘটনায় এক হাজার ২০০ দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যাটিক্সপোর্ট (বাংলাদেশ) লিমিটেড কারখানার মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ছাইফুর রহমান বাদী হয়ে গত শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।