ইন্স্যুরেন্স কর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের ১০ তলা থেকে পড়ে নাসিরউদ্দিন হাওলাদার (২৮) নামে এক ইন্স্যুরেন্সের কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের স্বজনেরা দাবি করেছেন, তাকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।বিএসইসি ভবনে অবস্থিত একটি টিভি চ্যানেলের গাড়িচালক মোহাম্মদ হানিফ জানান, গতকাল বিকেলে হঠাৎ করেই নিচে কোনো কিছু পড়ার শব্দ পান। দেখেন ওপর থেকে একটি মানুষ প্রথমে নীল রঙের একটি প্রাইভেট কারের ওপর পড়েছেন, সেখান থেকে ছিটকে পড়েছেন পাশে রাখা আরেকটি গাড়ির ওপর। তিন-চারজন মিলে টেনে তাঁকে রক্তাক্ত অবস্থায় বের করে আনেন। পরে তাঁকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।বিএসইসি ভবনের লোকজন জানান, নিহত নাসিরউদ্দিন বিএসইসি ভবনের ১০ তলায় অবস্থিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেসপাস অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১০ বছর তিনি এ পদে চাকরি করেন।তবে নিহতের স্ত্রী নাজমা খানম সাংবাদিকদের জানান, মৃত্যুর আগে নাসির তাঁকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাঁকে আটকে রেখেছেন। এরপর তিনি প্রতিষ্ঠানের যুগ্ম নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবুল হাশেমকে ফোন করে বলেন, ‘স্যার, আমি আপনার সঙ্গে দেখা করব। আমি কিছু বলতে চাই।’ এরপর তিনি তাঁকে অফিসে আসতে বলেন। প্রতিষ্ঠানের যুগ্ম নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবুল হাশেম অবশ্য সবকিছু অস্বীকার করেন। তিনি জানান, গতকাল সকালে ফাইলপত্র নিয়ে নাসির তাঁর দপ্তরে এসেছিলেন।