ইপিআই ইনচার্জ ও স্বাস্থ্য সহকারী প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রের দুই কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) হিজলার কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ তাসলিমা নাসরিন ও স্বাস্থ্য সহকারী সৈয়দ জোবায়েদ শাহিন।এদিকে গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের শিশুস্বাস্থ্য কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক মো. তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে। তদন্ত দল প্রাথমিকভাবে দেখতে পায়, গত ১ সেপ্টেম্বর তিন শিশুকে হামের টিকা দেওয়ার ক্ষেত্রে ইপিআই ইনচার্জ তাসলিমা ও জোবায়েদ শাহিন দায়িত্বে অবহেলা করেছেন। সঙ্গে সঙ্গে ওই দুজনকে কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রত্যাহার করে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত দল ওই দিনই প্রতিবেদন তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে। তদন্ত দলের প্রধান মো. তাজুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত অপেক্ষা করছি ভিসেরা প্রতিবেদনের জন্য। ওই প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রে যে টিকা দেওয়া হয়েছে, তার মেয়াদ ২০১১ সাল পর্যন্ত রয়েছে। তার পরও ওই ভ্যাকসিনে কোনো ত্রুটি রয়েছে কি না, সে জন্য নমুনা নিয়ে আসা হয়েছে; তা জেনেভা ও নয়াদিল্লির উৎপাদনকারী প্রতিষ্ঠানে পাঠানো হবে। তাজুল ইসলাম আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে প্রাথমিকভাবে দুজনকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাঁদের অবহেলাই শিশুদের মৃত্যুর কারণ হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে যাতে এ রকম পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য গতকাল জেলার সব ইপিআই টেকনিশিয়ান ও স্বাস্থ্য পরিদর্শকদের নিয়ে বৈঠক করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।’