ইপিআই কর্মসূচির বাইরে সাজেকের নারী শিশুরা
রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম চারটি ওয়ার্ডে কয়েক হাজার নারী শিশু সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতার বাইরে রয়েছে। স্বাস্থ্য বিভাগের জনবল সংকট, দুর্গম যোগাযোগব্যবস্থা ও অসচেতনতার কারণে এসব নারী শিশুর ইপিআই কর্মসূচির বাইরে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ওয়ার্ডে সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। শুধু বর্ষা মৌসুমের কয়েক মাস ট্রলারে আসা-যাওয়া করা যায়। তা-ও প্রচুর সময়ের প্রয়োজন হয়। ফলে ওই সব এলাকায় ইপিআই কর্মসূচির টিকা নেওয়া সম্ভব নয়।
গত ২৯ ও ৩০ জুলাই একটি সরকারি চিকিৎসক দলের সঙ্গে সাজেকের দুর্গম উজ্যাংছড়ি ও ভূয়াছড়ি এলাকায় গিয়ে নারী ও শিশুদের টিকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত জানা গেছে। সম্প্রতি ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসক দলটি ওই এলাকায় যায়। এ সময় নারী ও শিশুদের টিকাদান সম্পর্কে কথা বলে পরিপূর্ণভাবে সব টিকা নেওয়া কোনো নারী শিশু পাওয়া যায়নি।
ভূয়াছড়ি গ্রামের ঊষা রানী চাকমা জানান, তাঁর দুই বছর বয়সী মেয়ে চিক্কোবি চাকমাকে কোনো টিকা দেওয়া হয়নি। উজ্যাংছড়ি গ্রামের আশাদেবী চাকমা তাঁর দেড় বছর বয়সী ছেলে সুখেন চাকমাকে টিকা দিয়েছেন মাত্র দুবার। কজইতলী গ্রামের রিকা চাকমা বলেন, ‘আমার ইচ্ছে ছিল। কিন্তু টিকা দেওয়ার সময় না জানার কারণে ছেলে সুভাষ চাকমাকে (২) টিকা দিতে পারিনি।’
ভূয়াছড়ি গ্রামের নেলসন চাকমাকে (৫) মাজলং বাজার টিকা কেন্দ্রে নিয়ে দুবার টিকা দেওয়ার পর আর কোনো টিকা দেওয়া হয়নি। তার বাবা অমরজিত চাকমা বলেন, দুইবার টিকা দেওয়ার পরপরই শরীরে জ্বর এসেছিল। তাই পরবর্তী সময়ে আর টিকা দেওয়া হয়নি। অপর দিকে, গর্ভবর্তী নারী বা নিরাপদ মাতৃত্বের জন্য নারীদের যে টিকা দিতে হয়, সে সম্পর্কে নারীরা অবগত নন বলে জানান।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, চারটি ওয়ার্ডের নারী শিশুর সঠিক পরিসংখ্যান নেই। তবে ৬০৭ বর্গমাইল এলাকা বিস্তৃত সাজেক ইউনিয়নে লোকসংখ্য ৫২ হাজারের বেশি। সবচেয়ে দুর্গম ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ২০ হাজারের বেশি মানুষ রয়েছে।
অতুলাল চাকমা বলেন, ‘সবচেয়ে কাছের টিকাদান কেন্দ্র মাজলং বাজারে আসতে এসব ওয়ার্ডের লোকজনকে দূরত্বভেদে ছয় ঘণ্টা থেকে দুই দিন সময়ের প্রয়োজন হয়। সেভাবে মানুষের মধ্যে এখনো সচেতনতাও সৃষ্টি হয়নি।’
৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালাচোগা চাকমা বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা এসে টিকা নেওয়ার কথা বলেন। কিন্তু সময় নষ্ট করে এত দূরে গিয়ে টিকা নেওয়ার মতো সচেতন নয় লোকজন।’
৫ নম্বর ওয়ার্ডের সদস্য নতুনজয় চাকমা বলেন, টিকা দিলে শিশুদের শরীরে সামান্য জ্বর আসা নিয়ে অনেকের কুসংস্কার রয়েছে। তাই অনেকে একবার টিকা দেওয়ার পর আর শিশুদের টিকা দিতে চান না।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন এসব দুর্গম এলাকায় টিকা নিয়ে নারী শিশুদের টিকা দেওয়া সম্ভব নয়। তা ছাড়া সাজেক ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের মাত্র তিনজন কর্মী রয়েছেন। ব্র্যাক ও ইউএনডিপির কয়েকজন স্বাস্থ্যকর্মী থাকলেও তা পর্যাপ্ত নয়।