ইপিআই টিকাদান কেন্দ্রের সংরক্ষণাগারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রের টিকা সংরক্ষণাগারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিকা সংরক্ষণ কাজে ব্যবহৃত পাঁচটি ফ্রিজসহ প্রায় পাঁচ হাজার অ্যাম্পুল (ওষুধের ছোট বোতল) টিকা পুড়ে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের িনচতলার ইপিআই কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগী ও কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে বের হয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমতলী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদু্৵তিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইপিআই কেন্দ্রের টেকনিশিয়ান পরিমল চন্দ্র তালুকদার জানান, অগ্নিকাণ্ডে তিন হাজার পেন্টা ভ্যাকসিন, পোলিও ৫৫০, হাম-রুবেলা ৩৫০, হাম ৩৫০, টিটি ৪০০, বিসিজি ৩৫০টি টিকাসহ প্রায় পাঁচ হাজার টিকা ও পাঁচটি ডিপ ফ্রিজ, টিকা বহনে ব্যবহৃত বেশকিছু আইসব্যাগসহ কার্যালয়ের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল কবির প্রথম আলোকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাতে টিকাদান কর্মসূচি ব্যাহত না হয়, সে ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।