ইপিজেড বিল প্রত্যাহারের সুপারিশ সংসদীয় কমিটির
ইপিজেড শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, মজুরি বোর্ড, বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দিতে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’ সংসদে উত্থাপনের এক বছর পর তা প্রত্যাহারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ রোববার গত বছরের এপ্রিল মাসে সংসদে উত্থাপিত বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু।
বিলটি সংসদে ওঠার পর ১৫ কার্যদিবসের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি পরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয়। এই বিলটি পরীক্ষার জন্য একটি উপকমিটিও গঠন করা হয়।
সংসদে প্রতিবেদন উত্থাপনের সময় আবদুল মতিন খসরু বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ইপিজেডগুলোতে বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অবারিত সুযোগ এবং অঞ্চলগুলোর বাইরে অবস্থিত শ্রমিক সংগঠনগুলোর ফেডারেশনের সঙ্গে অঞ্চলগুলোর শ্রমিক ফেডারেশনের যোগাযোগ স্থাপনে বিধিনিষেধ না রাখার বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।’
উপকমিটিতে ওই আলোচনায় প্রস্তাবিত আইনটি আরও শ্রমিক ও বিনিয়োগবান্ধব করার জন্য বিলটি আরও পরীক্ষা করে পেশ করার জন্য মূল কমিটিতে ফেরত পাঠানোর সুপারিশ করা হয়।
খসরু বলেন, আইএলও কনভেনশনের ‘যতটুকু সম্ভব’ সামঞ্জস্যপূর্ণ করে বিলটি সংসদে আবার উত্থাপনের জন্য প্রস্তাবিত আইনটি প্রত্যাহারের সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির সুপারিশের পর এখন বিলটি সংসদে উত্থাপনকারী সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খসড়া আইনটি সংসদের অনুমোদন সাপেক্ষে প্রত্যাহার করবেন।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি বিলটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে ২০১৪ সালের ৭ জুলাই ইপিজেড শ্রম আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
বিলে বলা হয়েছে, ইপিজেডে অবস্থিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকেরা শ্রমিক কল্যাণ সমিতি করতে চাইলে প্রতিষ্ঠানের ৩০ ভাগ শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হবে এবং তাঁদের মধ্যে ৫০ ভাগ সমিতি করার পক্ষে ভোট দিলে সমিতি অনুমোদন পাবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী শ্রমিকেরা অবসরসুবিধা, মৃত্যু ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, বাধ্যতামূলক গ্রুপ ইনস্যুরেন্স, ভবিষ্য তহবিল, অর্জিত ছুটির নগদায়ন, পূর্ণ বেতনের সমান হারে বছরে দুটি উৎসব বোনাস এবং ১৬ সপ্তাহের প্রসূতিকল্যাণ সুবিধা পাবেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী ইপিজেডের শ্রমিকেরা বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধির সুবিধা পাবে।
শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ড সব ধরনের শ্রমিকদের জন্য যে মজুরি কাঠামো ঠিক করে দেয়, এত দিন সেই কাঠামোতেই বেতনভাতা পেয়ে আসছিলেন ইপিজেডের শ্রমিকেরা। আইনটি প্রণয়ন করা হলে ইপিজেডের শ্রমিকদের জন্য একটি স্থায়ী মজুরি বোর্ড গঠন করা হবে।
বিলে বলা হয়েছে, শ্রমিক ও বিনিয়োগকারীদের প্রতিনিধি ছাড়াও নিরপেক্ষ উৎস থেকে প্রতিনিধি নিয়ে এই স্থায়ী মজুরি বোর্ড গঠন করা হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান এই বোর্ডের প্রধান হবেন।