ইপিজেড মোড় যানজট মুক্ত রাখতে পাতালপথ নির্মাণের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেড মোড় এলাকা যানজটমুক্ত করতে সেখানে আন্ডারপাস (পাতালপথ) নির্মাণসহ স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ রোববার থেকে শহরের বিভিন্ন সড়ক যানজটমুক্ত রাখতে অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর, কাস্টমস, চট্টগ্রাম এবং কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ, কাভার্ড ভ্যান, লরিসহ ভারী যানবাহনের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যানবাহন বিভাগের (ট্রাফিক) সার্বিক দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ইপিজেড মোড়কেন্দ্রিক যানজটের কারণে সকাল-সন্ধ্যা ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়েছে। এসব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, নগরের দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং সড়ক যানজটমুক্ত করার উদ্যোগ শুরু হয় গত ১২ অক্টোবর। আজ রোববার থেকে শুরু হচ্ছে দেওয়ানহাট মোড় থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কপথ যানজটমুক্ত করার অভিযান। এ জন্য গত বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলর এবং হকার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন। জনসচেতনতা সৃষ্টিতে গত শুক্র ও শনিবার এসব এলাকায় মাইকিং করা হয়েছে।
এদিকে ইপিজেড মোড় যানজটমুক্ত রাখতে স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে পথচারীদের ফুটপাত ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি রাস্তা পারাপারে পদচারী-সেতু ব্যবহারে কড়াকড়ি আরোপ করা। ইপিজেড মোড় থেকে ডানে-বাঁয়ে এক হাজার গজ পর্যন্ত গ্রিল নির্মাণ করা।
সমন্বয় সভায় দুই ইপিজেডের সব কটি শিল্পপ্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহনের ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ চলাচলের স্বার্থে বন্দর ভবন থেকে সল্টগোলা পর্যন্ত সড়কে রোড ডিভাইডার নির্মাণ। ভারী যানগুলো দীর্ঘ সময়ে বন্দরে অবস্থানের কারণে জট সৃষ্টি ঠেকাতে অগ্রিম পাসের ব্যবস্থা, বন্দরের ভেতরের সড়ক ব্যবহারের ব্যবস্থা এবং লেবার কলোনির রাস্তা প্রশস্ত করে সেই সড়ক ব্যবহার উপযোগী করে তোলা। এ ছাড়া পণ্য পরিবহনের আনুষ্ঠানিকতা শেষে ভারী যানগুলো যাতে দ্রুত মালামাল নিয়ে চলে যেতে পারে, সে ধরনের স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবস্থা করতে বলা হয়েছে কাস্টমস কর্তৃপক্ষকে।
যানজট কমাতে দীর্ঘস্থায়ী পরিকল্পনায় ইপিজেড মোড়ে আন্ডারপাস নির্মাণ এবং সেখানে উড়ালসড়ক তৈরির সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলা হয়েছে সিডিএ কর্তৃপক্ষকে। এ ছাড়া নগরে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণেরও প্রস্তাব করা হয়।