ইপিজেড মোড়েই ঘণ্টা পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন ইপিজেড এলাকায় এভাবেই যানজট লেগে থাকে। গতকাল সকাল আটটায়  তোলা  ছবি: প্রথম আলো
প্রতিদিন ইপিজেড এলাকায় এভাবেই যানজট লেগে থাকে। গতকাল সকাল আটটায় তোলা ছবি: প্রথম আলো

সৌদি আরব থেকে গত সোমবার বিকেল পৌনে ছয়টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নুরুল আফছার ভূইয়া। বিমানবন্দর থেকে তাঁকে আনতে যান ছোট ভাই সাখাওয়াত হোসেন। ফেনী থেকে মাইক্রোবাস নিয়ে রওনা হন তিনি। কিন্তু চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছাতে সন্ধ্যা সাতটা বেজে যায়। এ কারণে বিমানবন্দরে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় নুরুল আফছারকে।
চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে সৃষ্টি হচ্ছে দুঃসহ যানজটের। এ কারণে প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল ১০টা এবং বেলা সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মোড়টি অতিক্রম করতে ঘণ্টা পার হয়ে যায়।
সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বড় ভাইকে আনতে ফেনী থেকে বেলা একটায় যাত্রা করি। সাড়ে তিনটার মধ্যে আমরা শহরে প্রবেশ করি। কিন্তু বারিক বিল্ডিং থেকে সিমেন্ট ক্রসিং এলাকা পর্যন্ত পৌঁছাতে সোয়া দুই ঘণ্টা লেগে যায়। বিশেষ করে ইপিজেড মোড়ের কাছাকাছি যাওয়ার পর গাড়ির চাকা যেন আর ঘুরছিল না। আমরা এক ঘণ্টা ইপিজেড মোড়ে আটকা পড়ি।’
ইপিজেড সূত্র জানায়, চট্টগ্রাম ইপিজেডে প্রায় দুই লাখ শ্রমিক কর্মরত। শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহূত শত শত গাড়ি সকালে ও বিকেলে ইপিজেডে প্রবেশ করে ও বের হয়। এ কারণে ইপিজেড মোড় যেন যানজটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইপিজেডের পূর্বে বারিক বিল্ডিং এবং দক্ষিণে সিমেন্ট ক্রসিং পর্যন্ত যানজটের বিস্তৃতি ঘটছে। বারিক বিল্ডিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পার হতে এক থেকে সোয়া দুই ঘণ্টা লেগে যায়।
ইপিজেড মোড়ে দুঃসহ যানজটের কথা স্বীকার করে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (বন্দর) মো. সুজায়েত ইসলাম বলেন, দুই লাখ শ্রমিকের জন্য ইপিজেডে একটি ফটক ব্যবহূত হয়। ইপিজেডের পেছনে বিকল্প সড়ক ও ফটক তৈরি এবং মূল ফটকের সামনে উড়ালসড়ক তৈরি না করলে বিমানবন্দর সড়কে যানজট নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।
চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদও মনে করেন বিকল্প পথ তৈরি না হওয়ায় যানজট তীব্র হচ্ছে।