ইপিজেড শ্রমিকেরা সংগঠন করার সুযোগ পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকেরাও সংগঠন করে দর-কষাকষির সুযোগ পাচ্ছেন।‘শ্রমিক কল্যাণ সমিতি’ নামে এই সংগঠন করার সুযোগ দিয়ে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান।
পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যখন শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন শর্ত পূরণের কথা বলছে, ঠিক তখনই এই আইনের খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমএইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিএসপি ফিরে পাওয়ার জন্য ১৯টি শর্ত দেওয়া আছে।তার মধ্যে এটাও একটা। আশা করব এই সিদ্ধান্ত জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে শিল্পেরও স্বার্থ রক্ষা হবে।’
তবে ইউনিয়নের পরিবর্তে সমিতি করায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। প্রথম আলোকে তিনি বলেন, একই দেশে দুই আইন হতে পারে না। এখানে শ্রমিকদের ইউনিয়নের সুযোগ না দিয়ে কল্যাণ সমিতির সুযোগ দেওয়া হয়েছে। এতে দর-কষাকষি করা যাবে না। কারণ ইউনিয়ন না থাকলে সেই সুযোগটি থাকে না। তাই সরকারের প্রতি অনুরোধ, সমিতির পরিবর্তে ইউনিয়নের সুযোগ দিন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের খসড়া অনুযায়ী সমিতি করার জন্য সংশ্লিষ্ট কারখানার ৩০ শতাংশ শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্যে ভোটের ব্যবস্থা থাকবে।তাদের ৫০ শতাংশ যদি সমিতির পক্ষে থাকে, তাহলে সমিতি হবে। এই সমিতির মাধ্যমে যৌথ দর-কষাকষির সুযোগ থাকবে। ইপিজেড কর্তৃপক্ষই এই সমিতির নিবন্ধন দেবে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আইন করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এ আইন হলে শ্রমিকদের অধিকার বাড়বে। আইনটি বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু অভিন্ন নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এবং ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি শিল্প-সম্পর্কিত নির্দেশনা দুটি পর্যালোচনা করে এ আইনের খসড়া তৈরি করা হয়েছে।
ইপিজেড শ্রম আইনের খসড়ার ১৬টি অধ্যায়ের ২০৪টি ধারা ও পাঁচটি তফসিলে শ্রমিকদের নিয়োগ, চাকরির শর্তাবলি, প্রসূতিকালীন নারী শ্রমিকদের ছুটি, কাজের পরিবেশ, কর্মঘণ্টা, মজুরি, ইপিজেডের শ্রম আদালত গঠনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জিএসপি পাওয়ার কথা বিবেচনা করে এ আইন করা হচ্ছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, জিএসপির কার্যকারিতা নেই। কারণ যে আইনে এই সুবিধা দেওয়া হতো, তার মেয়াদ শেষ হয়ে গেছে।
গতকালের সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৪-এর খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশটিকে আইনে পরিণত করা হচ্ছে। অধ্যাদেশের বিধানগুলোর মধ্যে মাত্র দুটি বিষয় পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে ব্যুরোর বোর্ডের সদস্যসংখ্যা আরও দুজন বাড়ানো এবং প্রতি মাসে বোর্ডের একটি সভার পরিবর্তে বছরে চারটি সভা করার বিধান রাখা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৪-এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।