ইপিজেডে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় অন্তত অর্ধশতাধিক শ্রমিক গতকাল শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েছেন। পেনিনুলা গার্মেন্টস নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন বলে জানা গেছে। এর মধ্যে কমপক্ষে ২০ জন শ্রমিক বেপজা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থ নেছার উদ্দিন নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, ‘হাসপাতালে ২০ জনকে ভর্তি অবস্থায় দেখেছি। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পানি খেয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি।’
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, শ্রমিকদের অধিকাংশই ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘শুক্রবার কারখানা বন্ধ ছিল। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর দুজন নারী শ্রমিক পেটব্যথা অনুভব করেন। পরে সাইকোলজিক্যালি অনেকের বমি বমি ভাব দেখা দেয়। এটা মনস্তাত্ত্বিক সমস্যা।’
জানা গেছে, এরপর একে একে শ্রমিকেরা কেউ বমি করতে করতে, আবার কেউ মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে যান। কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক এ সময় চিকিৎসা নিতে হাসপাতালে যান বলে জানা গেছে।