ইপিজেডে কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) রিসোর্স ফোম অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড নামের এক‌টি কারখানায় রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত হয়নি। তদন্ত সাপেক্ষে আগুনের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোর ৫টা ৫০মিনিটে ওই সেমিপাকা ওই কারখানায় আগুন লাগে। এ সময় কারখানাটি বন্ধ ছিল। কারখানার মধ্যে ফোম তৈরির উপকরণ, রাসায়নিক, কাগজের রোলসহ দাহ্য পদার্থ ছিল। আগুন লাগার খবরে আশপাশের কারখানার নিরাপত্তাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি অংশ নেয়। সকাল পৌনে ১০টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ১৮ নম্বর প্লটের মালিকানাধীন ওই কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।