ইপিজেডে চাকরিতে কোটা চায় আ.লীগ
পাবনার ঈশ্বরদী ইপিজেডের কারখানায় চাকরিতে আওয়ামী লীগের স্থানীয় নেতারা কোটা বরাদ্দের দাবি জানিয়েছেন। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্বব্যাংকের ছয় সদস্যের একটি দল নিয়ে ঈশ্বরদী ইপিজেড পরিদর্শনে এলে আওয়ামী লীগের নেতারা তাঁর কাছে এ দাবি তুলে ধরেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী সড়কপথে এসে গতকাল বেলা সাড়ে ১১টায় ইপিজেড কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামলে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে প্রতিমন্ত্রী সেখান থেকে ইপিজেডের কনফারেন্স কক্ষে যান এবং কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি শ্রমিকদের সুযোগ-সুবিধা, সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা শেষে তাঁদের বক্তব্য শোনেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস বলেন, ‘আমাদের সঙ্গে পরামর্শ না করে ইপিজেডের কারখানায় চাকরিতে লোক নেওয়া হচ্ছে। আমরা সরকারি দল করি। আমাদের কাছে স্থানীয় মানুষের অনেক চাহিদা আছে। কিন্তু ইপিজেডের কারখানায় চাকরি দেওয়ার ক্ষেত্রে বাইরের লোকজনকে বেশি প্রাধান্য দেওয়া হয়।’
পাকশী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম শ্রম প্রতিমন্ত্রীর কাছে চাকরির কোটার দাবি করে বলেন, ‘স্থানীয় নেতা হিসেবে আমাদের সঙ্গে পরামর্শ করে এবং আমাদের সুপারিশে ৪০-৫০ ভাগ লোক নিতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইপিজেডের এক কর্মকর্তা জানান, বিনিয়োগকারীরা দক্ষ লোকবল নিয়োগ করবেন তাঁদের নিজস্ব মতামতের ভিত্তিতে। ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন বলেন, হঠাৎ করে ইপিজেডে চাকরির কোটা দাবি করায় তাঁরা বিনিয়োগকারীদের নিয়ে চিন্তিত। কারণ, চাকরি নিয়ে বাইরের চাপ এলে বিনিয়োগকারীরা ইপিজেড থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।