ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী ও সাগর দূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) চট্টগ্রাম কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে গতকাল বুধবার এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে চট্টগ্রামের হাবিলাসদ্বীপ এলাকার টিকে কেমিক্যাল অ্যান্ড পেপার মিলকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের অ্যানফোর্সমেন্ট বিভাগ।
গতকাল বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর হোসেনের দপ্তরে শুনানি শেষে এই জরিমানা ধার্য করা হয়। এর আগে গত ৫ এপ্রিল সরেজমিনে স্থাপনাসমূহ পরিদর্শন করে দূষণের প্রমাণ পায় অধিদপ্তর। এরপর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের গবেষণাগারের পরীক্ষায় সংগৃহীত নমুনার বিশ্লেষণে তা গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়া যায়।
আলমগীর হোসেন জানান, ইপিজেডের চিটাগং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নামের প্রতিষ্ঠানটি হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। তারা ৫৪টি কারখানার বর্জ্য শোধনের জন্য চুক্তিবদ্ধ। কিন্তু ওই প্ল্যান্টের মাধ্যমে যেসব তরল শোধন হয়ে বের হয়ে আসছে তার মানমাত্রা ভয়াবহ। এ কারণে নদী ও সাগর দূষিত হচ্ছে। তাই চিটাগং ওয়েস্ট ট্রিটমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল ইসলামকে এক কোটি টাকা জরিমানা করা হয়। একই কারণে টি কে পেপার মিলকে নয় লাখ টাকা জরিমানা করা হয়।