ইফতার অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতার মৃত্যু
নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে।এ ঘটনা সামাল দিতে গিয়ে শালনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাহিদুর রহমান উত্তেজিত হয়ে পড়লে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এ বিশৃঙ্খলার সূত্রপাত হয়। সাবেক দুই সাংসদের মনোনয়ন লড়াইয়ের জের ধরে এ দ্বন্দ্ব চলছে। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরীফ খসরুজ্জামান এবং অন্য পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের শিকদার।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান জানান, শরীফ খসরুজ্জামানকে প্রধান অতিথি করে ব্যানার টানানোয় কাদের শিকদারের লোকজন ক্ষুব্ধ হলে বিশৃঙ্খলা হয়। ব্যানার নামিয়ে তা সামাল দেওয়া হয়েছে। তবে আলোচনা সভা করা যায়নি।আবদুল কাদের শিকদার বলেন, ‘শরীফ খসরুজ্জামানকে প্রধান অতিথি করায় আমার লোকজন ক্ষুব্ধ হয়ে মঞ্চের ব্যানার নামিয়ে ফেললে বিশৃঙ্খলা হয়।’ শরীফ খসরুজ্জামান বলেন, ‘শুরুতে আমি ওখানে উপস্থিত ছিলাম না। তাই কী নিয়ে বিশৃঙ্খলা হয়েছে, তা বলতে পারব না।’লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুজার গিফারি জানান, শরীফ খসরুজ্জামান ও কাদের শিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে বিশৃঙ্খলা হয়েছে।