ইফতার, তারাবিহ, সাহ্‌রির সময় লোডশেডিং নয়: বিদ্যুৎ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ
প্রতীকী ছবি

গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে। এ সময় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় সরকারকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এবার সংকট আরও বেড়েছে। বিতরণব্যবস্থার ত্রুটির কারণেও বিদ্যুৎ সরবরাহে ঝামেলা হয়। এমন পরিস্থিতিতে রোজায় ইফতার, তারাবিহর নামাজ ও সাহ্‌রির সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রমজান মাসে ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এমন নির্দেশনা দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়। কারিগরি কারণেও যেন লোডশেডিং না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে সভায়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সভায় বলেন, শতভাগ বিদ্যুতায়নের দেশে এই সভা করা অপ্রাসঙ্গিক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির জন্য করতে হচ্ছে। এই যুদ্ধের জন্য অনেক দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে থাকলে যেকোনো সমস্যাই দ্রুত সমাধান করা সম্ভব।

সভায় বলা হয়, সব বিতরণ সংস্থার ওভারলোড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে হবে এবং পর্যাপ্ত ট্রান্সফরমার মজুত রাখতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা দরকার। অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করতে হবে। সুপারমার্কেট, পেট্রলপাম্প ও সিএনজি গ্যাসস্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা; আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করার দিকটি খেয়াল রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ–সচিব মো. হাবিবুর রহমান। আরও অংশ নেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ।