ইফতার নিয়ে রাজশাহী বিএনপিতে দ্বন্দ্ব
রাজশাহীতে ইফতার অনুষ্ঠানেও দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে দুই পক্ষের। গত বুধবার পবা উপজেলার বড়গাছিতে একই স্থানে দুই পক্ষের ইফতার আয়োজন নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর আগে গত রোববার জেলা বিএনপির সভাপতির ইফতার অনুষ্ঠানে যাওয়ার পথে দলের অপর অংশের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান ও জেলার সভাপতি নাদিম মোস্তফার সমর্থকদের মধ্যে মূলত এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে।
বুধবার পবার বড়গাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়গাছি হাটের ভেতরে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিজানুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরের উপস্থিত থাকার কথা ছিল। এর থেকে মাত্র ৫০ গজ দূরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে অপর একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি দুটি ইফতার অনুষ্ঠান নিয়ে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাজহারুল ইসলাম অভিযোগ করেন, মিজানুর রহমান পবার রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি মহানগরের নেতা। জেলায় আসার ক্ষেত্রে জেলার নেতাদের জানিয়ে কর্মসূচি দিতে হবে। তিনি বলেন, যাঁরা পবা ইউনিয়ন বিএনপির কথা বলে হাটের ভেতরে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁরা বিএনপির কোনো কমিটিতে নেই। নাদিম মোস্তফা জেলার সভাপতি হওয়ার পরে বৈধভাবে যে কমিটি করেছেন, তাতে তাঁরা কেউ নেই।
হাটের ভেতরের আয়োজক সুলতান আহাম্মেদ নিজেকে বড়গাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাবি করে বলেন, তাঁরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখানে গরু জবাই করে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন। স্বেচ্ছাসেবক দলের কোনো আয়োজন নেই। তারা শুধু কয়েকটি চেয়ার নিয়ে এসে বসেছিল।
এর আগে রোববার পুঠিয়ার বানেশ্বরে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দলের অপর একটি অংশ নাদিম মোস্তফাকে ঠেকাতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।