ইফতার নিয়ে উ ৎসাহ নেই বস্তিবাসীর
ঢাকার বস্তিবাসীদের মধ্যে ইফতার ও সেহির নিয়ে তেমন কোনো উ ৎসাহ-উদ্দীপনা নেই। প্রতিদিনের কঠিন জীবনসংগ্রামে রোজার মাসটি তাদের কাছে আলাদা কিছু নয়।সারা বছর যেমন চলে, রোজার মাসেও তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা তেমনই। অধিকাংশেরই সেহিরতে জোটে আলুভর্তা আর পান্তাভাত; ইফতার হয় কয়েক মুষ্টি ছোলা-মুড়ি দিয়ে।রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ বস্তির মানুষের ইফতার ও সেহির নিয়ে নেই বিশেষ কোনো আয়োজন। গতকাল বুধবার মিরপুরের আট নম্বর ওয়ার্ডের এই বস্তিতে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে। প্রায় দেড় হাজার লোকের বসবাস এই বস্তির মানুষের অধিকাংশই দিনমজুর। কেউ পোশাক তৈরির কারখানায় চাকরি করেন, কেউ বাসাবাড়ির কাজ কিংবা ক্ষুদ্র ব্যবসায় জীবিকা নির্বাহ করছেন।তুরাগতীরের বস্তিতে ঠাঁই নেওয়া এসব মানুষ জানালেন, ইফতারের জন্য তাঁদের বিশেষ কোনো আয়োজন থাকে না। যে যাঁর মতো করে ইফতার করেন। কেউ কেউ তাঁদের আয় থেকে সর্বোচ্চ ১০-২০ টাকার ছোলা-মুড়ি নিয়ে ইফতারে বসে যান। কেউ পাশের শাহ আলী মাজারে দিনভর অপেক্ষা করে সামান্য কিছু ইফতারসামগ্রী নিয়ে ঘরে ফেরেন। যাঁরা বাসাবাড়িতে কাজ করেন, তাঁদের অনেকেই বাড়ির মালিকের কাছ থেকে ইফতারি চেয়ে আনেন।