ইফতার মাহফিলের আড়ালে ঘর গোছাচ্ছে বিএনপি
ঈদের পরে কেন্দ্র থেকে সরকারবিরোধী কর্মসূচিতে নেতা-কর্মীদের বেশি মাত্রায় সম্পৃক্ত করতে ইফতার মাহফিলের আড়ালে সংগঠন গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এখন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে ইফতার মাহফিল । আগামী মঙ্গলবার মহানগর বিএনপির ইফতার মাহফিলের পর থানাভিত্তিক ইফতার মাহফিল শুরু হবে।
দলীয় সূত্র জানায়, নগরে ৪১টি ওয়ার্ডের মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ১০টি ওয়ার্ডের ইফতার মাহফিল শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডের ইফতার মাহফিল শেষ হবে। তবে বিএনপির আরেকটি অংশ চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেয়। তাদের অভিমত, ইফতার মাহফিল করে যোগাযোগ বাড়ানো যায়। সংগঠন শক্তিশালী করা যায় না। তাতে আন্দোলন-সংগ্রাম সফল করা যাবে না।
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর কেন্দ্র থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি আসছে। এর আগেই সংগঠন গোছানোর কাজ আমরা শুরু করেছি। রমজান মাসে বিভিন্ন ওয়ার্ড ও থানায় ইফতার মাহফিল দিয়ে আমরা নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি।’
তবে ইফতার মাহফিল করে সংগঠন শক্তিশালী করা যায় না বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। চারজন দিয়ে চলছে সংগঠনের কর্মকাণ্ড। এতে সংগঠন ঝিমিয়ে পড়েছে। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো বিকল্প নেই।’
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কেন্দ্র থেকে সারা দেশে ঝিমিয়ে পড়া কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা কমিটিও ভেঙে দিয়েছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর চট্টগ্রাম মহানগর কমিটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি তালিকা ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে আগামী মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার পার্টি হবে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও থাকার কথা রয়েছে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। সেখান থেকে নেতাকর্মীদের প্রস্ত্ততি নিতে বলা হবে বলে নেতারা ইঙ্গিত দিয়েছেন।