ইফতারসহ সব খাদ্য ভেজাল-বিষমুক্ত করার দাবি
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে রমজানে ইফতারসহ সব ধরনের খাদ্য বিষ ও ভেজালমুক্ত করে জনগণকে বিষ-ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।
আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, জনউদ্যোগ, গ্রীন মাইন্ড সোসাইটি ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সরকারের কাছে এ দাবি জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর রমজান মাসে রেল ইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটর যান, নৌ যান ও কলকারখানার পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী ভাজা হয়। এ ছাড়া রমজানে পচা, বাসী, ভেজালযুক্ত ও বিষাক্ত খাদ্যের ব্যাপকতা বাড়ে। বিভিন্ন খাবারে মিশ্রিত বিষের প্রভাবে এ সময় শারীরিক ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
বক্তারা আরও বলেন, সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেছে। কিন্তু আইন বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই জরুরি ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য আদালত গঠন করে খাদ্য আইন বাস্তবায়ন শুরু করতে হবে।
মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিষমুক্ত নিরাপদ খাদ্য আন্দোলনের সদস্যসচিব লেলিন চৌধুরী, বিষমুক্ত নিরাপদ খাদ্য আন্দোলনের সমন্বয়কারী ও পবার সহ-সম্পাদক নজরুল ইসলাম, গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, বারসিক প্রতিনিধি ও গবেষক পাভেল পার্থ প্রমুখ অংশ নেন এবং বক্তব্য রাখেন।