ইফতারসামগ্রীতে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য বিবেচনায় ইফতারিসহ সব খাদ্যদ্রব্যে বিশুদ্ধতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে পরিবেশ ও নাগরিক সংগঠনগুলো । পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদের সামনে গতকাল শুক্রবার আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও পুরান ঢাকার কয়েকটি সংগঠন৷
মানববন্ধনে বক্তারা বলেন, রেলইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটরযান, নৌযান ও কলকারখানার পোড়া তেলমিশ্রিত মারাত্মক ক্ষতিকর তেল দিয়ে রমজানে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী ভাজা হয়। এ ছাড়া রাসায়নিক রং ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভোজ্য তেল তৈরি করা হয়। বিষাক্ত রং ব্যবহার করে সাদা ডিম লাল করা হয়।
মানববন্ধনে ভেজাল মিশ্রণকারীদের বিশেষ ক্ষমতা আইনে বিচার, ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রাজনৈতিক বিবেচনা না করা, প্রস্তাবিত ফরমালিন নিয়ন্ত্রণ আইনে কোনো সহনীয় মাত্রা না রাখা, টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানির ব্যবস্থাসহ ১২ দফা দাবি তোলা হয়।
পবার সম্পাদক মো. আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দেবীদাস ঘাট সমাজকল্যাণ সংসদের সভাপতি মো. মুসা, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ। বিজ্ঞপ্তি।