ইফতারসামগ্রীর দাম নাগালের বাইরে
স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজ করেন নজরুল ইসলাম। গত মঙ্গলবার বিকেলে কাজের প্রয়োজনে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহরে আসেন। সন্ধ্যার আগ মুহূর্তে শহরের একটি দোকানে ইফতার কিনতে যান তিনি। ২০ টাকায় তাঁকে যে ইফতারসামগ্রী দেওয়া হয়, তা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন।নজরুল ইসলাম বলেন, ‘প্রথমে ১০ টাকার ইফতারি নিতে চাইলে ওই টাকায় ইফতারি হবে না বলে দোকানি আমাকে জানান। পরে আমি ২০ টাকার ইফতারি কিনি। কিন্তু পরিমাণে এত কম হবে জানলে ইফতারিই কিনতাম না।’তাঁর মতো আরও অনেকে একই অভিযোগ করে বলেন, গত বছরের চেয়ে এবার ইফতারির দাম অনেক বেশি। ইফতারসামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।শহরের ইফতার বিক্রেতারা বলছেন, ইফতারি তৈরির সামগ্রীর দাম বেশি হওয়ায় বেশি দামে তাঁদের বিক্রি করতে হচ্ছে। তাই ক্রেতার সংখ্যাও কমে গেছে। শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ইফতারসামগ্রীর দাম গতবারের চেয়ে অনেক বেশি। গত বছর যে বেগুনি দুই টাকায় পাওয়া গেছে, এবার তার দাম পাঁচ টাকা নেওয়া হচ্ছে। ৭০ টাকা কেজির বুন্দিয়ার দাম বেড়ে এবার হয়েছে ১০০ টাকা। ছোলা, চানাচুর, পিয়াজুসহ সবকিছুর দাম বেড়েছে এবার।দহিলা গ্রামের আকবর আলী (৫০) বলেন, ‘আগে পাঁচ টাকা বা ১০ টাকার ইফতারি কিনলেই হয়ে যেত। কিন্তু এখন ওই পরিমাণ টাকার ইফতারি দিতে চান না দোকানিরা।’