
সকাল সাড়ে ১০টা। হোটেলের সামনে লোকজনের আনাগোনা বেশ। রমজানে হোটেল বন্ধ থাকলেও চলছে ছুটোছুটি।
হোটেলের সামনে কয়েকটি ভ্যানের ওপর থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ফিরনির প্যাকেট। কেউ কেউ একসঙ্গে চার-পাঁচটি
প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে আসছেন হোটেল থেকে।
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকার ক্যাফে আরমান হোটেলের সামনে গিয়ে গতকাল শুক্রবার চোখে পড়ে এ দৃশ্য।
নগরজুড়েই আরমানের স্পেশাল ফিরনির কদর রয়েছে। বিশেষ করে রমজানে ইফতারির জন্য নগরে বিভিন্ন এলাকা,
হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট থেকে ফিরনি কেনার ধুম পড়ে যায়। চলে পাইকারি ও খুচরা বিক্রি। নগরের বাইরে বৃহত্তর
চট্টগ্রামের বিভিন্ন এলাকার লোকজনও ছুটে আসেন এখানে। ইফতার পার্টির জন্য তাঁরা আগেভাগেই তাগিদ (বুকিং) দিয়ে
যান।
আরমানের ফিরনির ঐতিহ্য অনেক দিনের। গত প্রায় ২০ বছর ধরে তাঁরা নিরবচ্ছিন্নভাবে এবং সুনামের সঙ্গে ফিরনি বিক্রি
করে যাচ্ছেন বলে জানালেন হোটেলের অন্যতম মালিক মো. এরশাদ হোসেন। তিনি বললেন, ‘আমরা পরিচ্ছন্ন পরিবেশে
এবং খাঁটি ঘি ও দুধ দিয়ে ফিরনি বানাই। ক্রেতারা খেয়ে তৃপ্তি পান বলেই বারবার ছুটে আসেন। আমাদের কোথাও কোনো
শাখা অথবা পরিবেশক নেই। নগর এবং নগরের বাইরের ক্রেতারা সরাসরি এখানে এসেই ফিরনি নিয়ে যান, বুকিং দিয়ে
যান।’
এখানে মাটির ছোট বাটি, প্লাস্টিকের কাপ এবং এক ও দুই কেজির প্লাস্টিক বাক্সে ফিরনি বিক্রি করা হয়। এক বাটি ফিরনির
দাম ১৮ টাকা, কাপের দাম ২২ টাকা এবং এক কেজি ২২০ টাকা এবং আধা কেজি ১১০ টাকা দামে বিক্রি হয়।