ইফতারিতে মনমাতানো ফিরনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থরে থরে ফিরনির বাটি সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। হোটেলের কর্মীরা বিক্রির জন্য প্যাকেটে ভরছেন এসব বাটি। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার ক্যাফে আরমান থেকে তোলা l জুয়েল শীল
থরে থরে ফিরনির বাটি সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। হোটেলের কর্মীরা বিক্রির জন্য প্যাকেটে ভরছেন এসব বাটি। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার ক্যাফে আরমান থেকে তোলা l জুয়েল শীল

দুপুর পৌনে বারোটা। শনিবার। চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের একটি হোটেলের সামনে দাঁড়িয়ে কয়েকটি ভ্যান। হোটেলের কর্মচারীরা প্যাকেটের পর প্যাকেট তুলছেন ভ্যানগুলোতে। হোটেলের ভেতরে ঢুকে দেখা গেল, লম্বা কয়েকটি টেবিলে থরে থরে সাজানো মাটির ছোট ছোট বাটি। পাশে রাখা ফিরনির বিশাল হাঁড়ি। চারপাশে তারই সৌরভ। কয়েকজন সেই হাঁড়ি থেকে দক্ষ হাতে দ্রুত বাটিগুলোতে ফিরনি ঢালছেন। সেই ফিরনির বাটিই প্যাকেটে ভরা হচ্ছে। দেওয়ানহাট মোড়ের ক্যাফে আরমানের প্রতিদিনকার চিত্র এটি। হোটেলটির ফিরনির কদর নগরজুড়ে।
গতকাল হোটেলটিতে পাইকারি দামে ফিরনি কিনতে এসেছেন মো. দিদার হোসেন। তিনি পূর্ব মাদারবাড়ীতে ইফতারসামগ্রী বিক্রি করেন। ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপের পাশাপাশি ফিরনিও বিক্রি করেন তিনি। নিজের দোকানের জন্য ফিরনি কিনতে প্রতিদিন এই হোটেলে আসেন দিদার। গতকাল তিনি ফিরনির ৩৬০টি কাপ ও আধা কেজির ১০টি বাটি কিনেছেন। প্রথম আলোকে দিদার বলেন, ইফতারি পদ হিসেবে ফিরনি খুব ভালো বিক্রি হয়। ছয় বছর ধরে এখান থেকে ফিরনি কিনছেন তিনি।
গতকাল দুপুরে ফিরনি কিনতে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আদনান। তিনি বলেন, এদিকে কোনো কাজে এলেই ফিরনি কিনে নিয়ে যাই। সারা দিন রোজা রাখার পর ঝালের পাশাপাশি ফিরনি খেতে বেশ ভালো লাগে।

বড় হাঁড়িতে রান্না করা ফিরনি মাটির তৈরি ছোট বাটিতে ভরা হচ্ছে l প্রথম আলো
বড় হাঁড়িতে রান্না করা ফিরনি মাটির তৈরি ছোট বাটিতে ভরা হচ্ছে l প্রথম আলো

হোটেলের কর্মচারীরা জানান, প্রায় দুই দশক ধরে পুরো রমজানে তাঁরা শুধু ফিরনিই বিক্রি করেন। প্রতিদিন ভোর পাঁচটার পর রান্নার প্রস্তুতি শুরু হয়। সকাল নয়টা-সাড়ে নয়টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। এরপর চলে ক্রেতার কাছে সরবরাহের প্রস্তুতি। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার ছোট ছোট বাটি ও কাপে ফিরনি বিক্রি হয়। এর বাইরে আধা কেজি ও এক কেজির বাটিও বিক্রি হয়। সাধারণত সকালের দিকে পাইকারি ও বিকেলে খুচরা ক্রেতারা ফিরনি কিনতে আসেন।
ক্যাফে আরমানের স্বত্বাধিকারী মো. আরমান হোসেন বলেন, ‘রমজান মাস ছাড়া বছরের অন্য সময়ে ফিরনি বিক্রি করি না। শুধু বিশেষ কোনো অর্ডার পেলে ফিরনি করি। শুরু থেকে এই একটি পদ আমি নিজের হাতে রান্না করি। মানের বিষয়ে কোনো আপস নেই।’ আরমানের স্পেশাল ফিরনির বিশেষত্ব কী জানতে চাইলে পুরো রহস্য ভাংতে রাজি হননি তিনি। শুধু জানান, ফিরনি তৈরিতে ঘন দুধ, চিনি, চিনিগুঁড়া চাল ও ঘি ব্যবহার করা হয়। আরমান ক্যাফের এক কেজি ফিরনির দাম ২২০ টাকা, আধা কেজি ১১০, ছোট কাপ বিক্রি হয় ২৩ টাকা ও মাটির বাটির দাম ২০ টাকা।
শুধু আরমান ক্যাফেই নয়, নগরের অনেক ছোট-বড় রেস্তোরাঁই রমজান উপলক্ষে ফিরনি তৈরি করে বিক্রি করে। অভিজাত মিষ্টি বিপণি হাইওয়ে সুইটস রমজান মাসে নগরের তিনটি শাখায় অন্যান্য ইফতারি পদের সঙ্গে ফিরনিও বিক্রি করে। প্রতিটি শাখায় আধা কেজি ও এক কেজি পরিমাণের ফিরনির বাটি বিক্রি হয় গড়ে ২০০ থেকে ২৫০টি। এ ছাড়া ছোট কাপ ফিরনি বিক্রি হয় ৭০০ থেকে ৮০০টি। প্রতি কেজি ফিরনির দাম ১৮০ টাকা। ছোট কাপ বিক্রি হচ্ছে ২০ টাকায়।
হাইওয়ে সুইটসের স্বত্বাধিকারী মুরাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় ৩৫ বছর ধরে রোজায় ফিরনি বিক্রি করছি। ঐতিহ্যের কারণে রোজাদারদের মধ্যে এই ফিরনির চাহিদা বেশি।’
এ ছাড়া হ্যান্ডি, বাবুর্চি, হল টোয়েন্টি ফোর, মেরিডিয়ান ও ওয়েলপার্কের মতো নগরের অনেক রেস্তোরাঁয় কেবল রমজান মাসে ফিরনি বিক্রি করা হয়। মেরিডিয়ান ও হল টোয়েন্টি ফোরের ইফতারবাজারে প্রতি কেজি ফিরনি ৩০০ টাকায় বিক্রি হয়।