সরিষার তেল ও নারকেল-বাদাম বাটার সঙ্গে কয়েক ধরনের মসলা মিশিয়ে রান্না করা গরুর মাংস চট্টগ্রামের অনন্য ঐতিহ্য। স্থানীয়ভাবে এটি মেজবানি মাংস নামে পরিচিত। বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে মেজবানের (নিমন্ত্রণ) আয়োজনের রেওয়াজ রয়েছে চট্টগ্রামে। গত কয়েক বছরে মেজবানি স্বাদের মাংস স্থান করে নিয়েছে ইফতারের টেবিলেও। রমজান মাসে বিভিন্ন রেস্তোরাঁর পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে দারুণ স্বাদের মেজবানি মাংস বিক্রি করা হচ্ছে।
নগরের চৌমুহনী এলাকার পীরবাড়ি রোডের মেজবানি মাংসের কদর পুরো নগরেই রয়েছে। রোজার মাসে যেকোনো দিন দুপুরের পর পীরবাড়ি রোডে ঢুকলেই মেজবানি মাংসের খুশবু পাওয়া যাবে। রাস্তার দুই ধারে বসে মাংস বিক্রির অস্থায়ী বেশ কয়েকটি দোকান।
গত মঙ্গলবার পীরবাড়ি রোডে গিয়ে দেখা যায়, বেশির ভাগ দোকানের ব্যানারে লেখা, ‘স্পেশাল রান্না করা মেজবানের মাংস’। দোকানগুলোর টেবিলের একপাশে থরে থরে সাজানো ছোট-বড় বাটি। টেবিলের অপর পাশে পাশে মেজবানের মাংসের বড় হাঁড়ি। মাংস গরম রাখতে রয়েছে কয়লার ব্যবস্থাও। ক্রেতা এলে হাঁড়ি থেকে গরম মাংস তুলে দেওয়া হচ্ছে বাটিতে। এই মাংসের সঙ্গে বিক্রি হচ্ছে মেজবানি কায়দায় মাংসের হাড়গোড় দিয়ে রান্না চনার ডাল (ছোলার ডাল)।
পীরবাড়ি রোডের একটি দোকানে মেজবানি মাংস রান্না করেন মোকলেছুর রহমান বাবুর্চি। এমনিতে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে মেজবানি মাংস রান্না করেন তিনি। মেজবানি মাংসের বিশেষত্ব কী জানতে চাইলে তিনি পুরো রহস্যটা ভাঙলেন না। বললেন, মশলার অনুপাতের এদিক-সেদিক হলেই আসল স্বাদ ও ঘ্রাণ আসবে না।
কথা হয় পীরবাড়ি রোডের মেজবানি মাংস বিক্রির অন্যতম উদ্যোক্তা সাঈদ মোহাম্মদের সঙ্গে। তিনি বলেন, ১৯৯৮ সালে এলাকার কয়েকজন পরিচিত বন্ধুবান্ধব মিলে প্রথম মেজবানি মাংস বিক্রি শুরু করেন তাঁরা। প্রথম দিন ১০ কেজি মেজবানি মাংস রান্না হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে পাড়া-প্রতিবেশীরাই সেগুলো কিনে নেন। সেই থেকে শুরু। কেবল রমজান মাসেই মেজবানি মাংস বিক্রি করেন তাঁরা।
খুলশী থেকে ছেলেকে সঙ্গে নিয়ে পীরবাড়ি রোডে মাংস কিনতে এসেছেন কাতারপ্রবাসী ব্যবসায়ী নিজাম উদ্দিন। তিনি বলেন, মেজবানি মাংসের চেয়ে প্রিয় খাবার আর কিছুই নেই। সাদা ভাতের সঙ্গে এর স্বাদ অতুলনীয়।
বিক্রেতারা জানান, দুপুর ১২টার মধ্যেই মেজবানি মাংস রান্নার কাজ শেষ করা হয়। এখানে কেজিপ্রতি মেজবানি মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়, চনার ডাল ১৪০ টাকায়।
মেজবানি মাংসের জনপ্রিয়তার কারণে নগরের পাঠানটুলী, শেখ মুজিব রোড, বাদামতলী, বহদ্দারহাটেও এ রকম অস্থায়ী দোকানের দেখা মিলেছে। এ ছাড়া গত তিন-চার বছরে নগরের অভিজাত রেস্তোরাঁগুলো ইফতারের অন্যান্য পদের সঙ্গে মেজবানি মাংস বিক্রি করছে। এম এ আজিজ স্টেডিয়ামপাড়ার রোদেলা বিকেল, রেড চিলি, সাকুরা কাবাব, হল টোয়েন্টি ফোর, দামপাড়ার হ্যান্ডি রেস্তোরাঁ, প্যাভিলিয়ন, জিইসি এলাকার মেরিডিয়ান, ওয়েল পার্কেও মেজবানি মাংস বিক্রি হচ্ছে।
রোদেলা বিকেলে প্রতি কেজি মেজবানি মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। হল টোয়েন্টি ফোর, মেরিডিয়ান, হ্যান্ডি রেস্তোরাঁয় প্রতি কেজি মেজবানি মাংসের দাম পড়ছে ৬৫০ টাকা, রেড চিলি বিক্রি করছে ৫৯৫ টাকায়, সাকুরা কাবাব ৬০০ টাকায়।
স্টেডিয়ামপাড়ায় মেজবানি মাংস কিনছিলেন আফরোজা সুলতানা নামের এক ক্রেতা। তিনি বলেন, ‘সারা বছর তো চাইলেই মেজবানি মাংস সহজে কিনতে পাওয়া যায় না। বাসায় রান্না করলেও মেজবানি স্বাদটা আনা যায় না। রেস্তোরাঁগুলোতে মাংস বিক্রি হচ্ছে দেখে সুযোগটা নিলাম।’
মেরিডিয়ান হোটেল ও রেস্টুরেন্ট গত রমজান থেকে ইফতারির পদ হিসেবে মেজবানি মাংস বিক্রি করছে। রেস্তোরাঁটির বিজনেস অপারেশন সমন্বয়ক নোয়েল শিকদার বলেন, মেজবানি মাংস বিক্রিতে করায় তাঁরা বেশ সাড়া পেয়েছেন।