ইফতারির ঐতিহ্য বগুড়ার ঘোলদই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার রোজাদারদের কাছে ইফতারির অন্যতম সুস্বাদু একটি পদ হচ্ছে ‘ঘোলদই’। এ জেলায় রকমারি ইফতারির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই দই। ব্যাপক চাহিদা থাকায় রমজান মাসে প্রতিদিন এ পদটি বিক্রিও হয় প্রচুর।বগুড়ার দই ব্যবসায়ীরা জানান, ঘোলদইয়ের স্বাদ আর ঐতিহ্যের টানেই ক্রেতা ও রোজাদারেরা ছুটে আসেন বগুড়া শহরের প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোয়। রোজাদারদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রথম রোজা থেকে চাঁদরাত পর্যন্ত শহরের প্রসিদ্ধ ১৩-১৪টি প্রতিষ্ঠান এই দই বিক্রি করে। গত রোববার বগুড়া শহরের দই বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত সাতমাথার দইঘর, শেরপুর দইঘর, আলহাজ মহরম আলী দইঘর, আদি মহরম আলী দইঘর, রফাত দইঘর ও আকবরিয়া দইঘরে খোঁজ নিয়ে জানা যায়, রোজাদারদের কাছে ঘোলদইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। রোজার প্রথম দিনে প্রতিটি দোকানে গড়ে ৭০ থেকে ৮০ হাঁড়ি ঘোলদই বিক্রি হয়েছে। প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোতে আকারভেদে প্রতি হাঁড়ি দই ৪০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।শেরপুর দইঘরের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, ইফতারি আয়োজনে ঘোলের কদর বিবেচনায় নিয়ে রোজার মাসে চিনিছাড়া অপেক্ষাকৃত পাতলা টকদই বাজারজাত করা হয়। স্বাদে অতুলনীয় এ দই ক্রেতাদের কাছে ঘোলদই হিসেবে পরিচিত। রমজান মাসে যেদিন গরম ও রোদ বেশি হয়, সেদিন ঘোলদইয়ের বিক্রি বেড়ে যায়।সাতমাথার দইঘরে আসা ক্রেতা উপশহরের লুৎফর হোসেন বলেন, ‘ইফতারি নানা আয়োজনে পরিবারের সবার পছন্দ ঘোলদই। এ জন্য প্রতিদিনই এক হাঁড়ি ঘোলদই কিনি।’