ইফতারির জন্য মুড়ি ভাজার ধুম
রমজান মাস সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুড়ি ভাজার ধুম পড়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে গৃহিণীরা মুড়ি ভাজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গত বুধবার উপজেলার পাঁচটি গ্রাম ঘুরে দেখা গেছে, বাড়ি বাড়ি ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ মুড়ি ভাজছেন নারীরা৷ এ সময় ভাজা মুড়ির ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। ধানগড়া এলাকার নূরভানু বেগম বলেন, আগে রোজার দুই মাস আগে থেকে মুড়ি ভাজার চাল তৈরি করা শুরু হতো। মুড়ির জন্য বিশেষ ধরনের ধান আলাদা করে রাখা হতো। ধান সেদ্ধ ও চাল তৈরি শেষে বাড়ির সবাই মিলে একদিন মুড়ি ভাজা হতো। এখন সময় পাল্টেছে।
একই গ্রামের শহিদুল ইসলাম বলেন, বাজারের মুড়িতে নানা রকম ভেজাল মেশানো হয়৷ তাই ইফতারের জন্য মুড়ি বাড়িতে ভাজা হয়।
রনটিথা গ্রামের গৃহবধূ জাহানারা বেগম বলেন, মুড়ির চাল এখন বাজারেই কিনতে পাওয়া যায়। চাল কিনে এনে একদিন ভাজলেই হয়ে গেল। বাজারের মুড়ি নানা রকম জিনিস মেশায় বলে ইফতারের জন্য বাড়িতেই মুড়ি ভাজা হয়।
একটি বিদ্যালয়ের শিক্ষক রমিনা খাতুন বলেন, এখনকার বেশির ভাগ নারীই মুড়ি ভাজতে জানে না। ফলে এ সময় মুড়ি ভাজায় পটু নারীদের কদর বেড়ে যায়। প্রতি কেজি মুড়ির চাল ভাজতে প্রতিজনকে ১০ টাকা করে মজুরি দিতে হয়৷ একই সঙ্গে দিনে দুই বেলা খাবার দিতে হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে মুড়ি ভাজার সঙ্গে যুক্ত ধানগড়া গুচ্ছগ্রামের মল্লিকা বেগম বলেন, ‘অনেক বাড়ির বউ-ঝিয়েরা মুড়ি ভাজতে জানেন না৷ তাই আমাদের ডাক পড়ে৷ তারা যা দেন খুশি মনে তা-ই নিই।’ তিনি জানান, এতে আমাদের কিছু রোজগারও হয়। এ দিয়ে সংসারের কিছুটা উপকারও হয়।
ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা মাহফুজা বেগম বলেন, ‘প্রতিবছর রোজার আগে অন্যের বাড়িতে মুড়ি ভেজে কিছু আয় করতাম। কিন্তু এ বছর অসুস্থ থাকায় আমার পক্ষে তা সম্ভব হয়নি।’