ইফতারিসহ সব খাদ্য চাই বিষমুক্ত
সামান্য মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যে ফরমালিনসহ বিষাক্ত রাসায়নিক মেশাচ্ছেন। এসব খাদ্য খেয়ে কিডনি ও লিভারের রোগসহ গর্ভস্থ শিশুর প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। ফরমালিন ও বিষাক্ত রাসায়নিকের সহজলভ্যতা, আইনি দুর্বলতা ও যথাযথ নজরদারির অভাবেই প্রতিনিয়ত ঘটে চলেছে এসব।
গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। ‘ইফতারিসহ সব খাদ্য ভেজালমুক্ত চাই’ শিরোনামে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ১৭টি সংগঠনের কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, রমজান এলেই ইফতারির ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রেল ইঞ্জিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, যানবাহন ও কলকারখানার পোড়া তেল দিয়ে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী তৈরি করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান বলেন, ফরমালিন স্বীকৃত প্রিজারভেটিব নয়। তাই এর সহনীয় মাত্রার ধারণা গ্রহণযোগ্য নয়। তা ছাড়া খাদ্যে ফরমালিন মেশানোর সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও এখনো পর্যন্ত তা কার্যকরের কোনো নজির নেই। পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে সাংবাদিকদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, ফরমালিনের গ্রহণীয় বা অগ্রহণীয় মাত্রা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। কেননা ফরমালিন যেকোনো মাত্রারই হোক না কেন, তা কোনোভাবেই মানবদেহের জন্য গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবে খাদ্যের সঙ্গে থাকা উচিত নয়।