ইফতারিসহ সব খাদ্য বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইলি রোডে গতকাল পবাসহ ১৮টি পরিবেশবাদী ও সমমনা সংগঠনের মানববন্ধন l প্রথম আলো
বেইলি রোডে গতকাল পবাসহ ১৮টি পরিবেশবাদী ও সমমনা সংগঠনের মানববন্ধন l প্রথম আলো

প্রতিবছর পবিত্র রমজান মাসে ইফতারসামগ্রী ভাজতে একই তেল বারবার ব্যবহার করা হয়। রং ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভোজ্যতেলও তৈরি করা হয়। বেড়ে যায় ভেজাল ও বিষাক্ত খাদ্যের ব্যাপকতা। এসব খাদ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
গতকাল শনিবার বেলা ১১টায় বেইলি রোডে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। ইফতারিসহ সব খাদ্য বিষ ও ভেজালমুক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৮টি পরিবেশবাদী ও সমমনা সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভেজাল ও বিষযুক্ত খাদ্যসামগ্রী খেয়ে মানুষ ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
মানববন্ধনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের জন্য বিষ ও ভেজালমুক্ত এবং পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। ফলে আমরা বিষ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত।’ তিনি বলেন, সব ধরনের খাদ্যপণ্যে ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক মেশানো হয়। সহজপ্রাপ্যতা ও যথাযথ নজরদারির অভাবে এসব ঘটে চলেছে। এখন আইন প্রয়োগে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, বিশেষ ক্ষমতা আইন, ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন ও ফরমালিন নিয়ন্ত্রণ আইনে কঠোরভাবে বিষ ও ভেজালমুক্ত খাদ্যের কথা উল্লেখ আছে। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, খাদ্যে রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া যথেষ্ট নয়। তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
নাসফের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও পবার সহসম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, সুবন্ধন সমাজকল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, নগরবাসী সংগঠনের সভাপতি শেখ আনসার আলী, ইয়ুথ সানের সভাপতি মাকিবুল হাসান, সূচনা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা হক। বিজ্ঞপ্তি।