ইফতারিসহ সব খাবার বিষমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারিসহ সব খাবার বিষ ও ভেজালমুক্ত করার দাবি জানিয়েছে দেশের পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চকবাজার শাহি মসজিদের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর রমজানে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন তেল দিয়ে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী ভাজা হয়। এ ছাড়া একই তেল বারবার ব্যবহার করা হয়। রাসায়নিক রং ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভোজ্যতেল তৈরি করা হয়। বিষাক্ত রং ব্যবহার করে সাদা ডিম লাল করা হয়। পচা-বাসীসহ বিভিন্নভাবে ভেজাল ও বিষাক্ত খাদ্যের ব্যাপকতাও বেড়ে যায়। এতে ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগ সৃষ্টিসহ গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য বিষ ও ভেজালমুক্ত এবং পুষ্টিমানসম্পন্ন খাবার নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করছে না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাস্তবে কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।
পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ইফতারিতে বিভিন্ন সামগ্রী ভাজার জন্য ট্রান্সফরমারের তেল, ইঞ্জিনের তেল ও পোড়া মবিল ইত্যাদি ব্যবহার করা হয়। আম, জাম, লিচু, কাঁঠালে কিছু অসাধু ব্যবসায়ী বিষ মিশিয়ে থাকেন। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের প্রচুর পরিমাণে সেমাই প্রস্তুত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইফতারিসহ সব খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করতে হবে।
আবু নাসের খানের সভাপতিত্বে ও পবার সহসম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী সমাবেশে পবার সহসম্পাদক মো. সেলিম, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, সুবন্ধন সমাজকল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি