ইফতারে অভিজাত বেইলি রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বে​ই​িল রোডের একটি দোকানে ইফতারি বেচাকেনা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বে​ই​িল রোডের একটি দোকানে ইফতারি বেচাকেনা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাত রাজধানীর বেইলি রোড। নাট্যকর্মীদের কারণে এলাকাটি নাটকপাড়া বলে পরিচিত। এর বাইরেও এলাকাটি আরেকটি পরিচয় পায় রোজার সময়ে। পবিত্র রমজান মাসজুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। এই অভিজাত ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশপাশেও। রাজধানীর দূরদূরান্ত থেকে মানুষ ইফতারসামগ্রী কিনতে প্রতিদিনই আসেন বেইলি রোডে।
বেইলি রোডে সারা বছর যেসব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার বিক্রি করা হয়, সেগুলোতে রোজার মাসে ইফতারসামগ্রী বিক্রি করতে দেখা যায়। গতকাল বুধবার বেলা তিনটার দিকে সেখানে ‘ক্যাপিটাল ইফতার বাজার’ লেখা একটি দোকানের সামনে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা গেল। দোকানটি তখনো বন্ধ। বেলা সোয়া তিনটায় একজন এসে মূল গেট খুলে দিতেই ক্রেতারা ঢুকতে শুরু করলেন। ভেতরে ঢোকার মুখেই ১০০ পদের ইফতারের তালিকা ও দাম লেখা।
ছোলা-পেঁয়াজু থেকে শুরু করে মাংস-পরোটা সবই মেলে এখানে। কথা হলো অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশফিকুর রহমানের সঙ্গে। তিনি বললেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইস্কাটন ও বেইলি রোড এলাকায় আছেন। এখানকার ইফতার তাঁর পরিবারের সদস্যদের খুবই প্রিয়। কারণ তাঁর ভাষায়, বেশির ভাগ দোকানে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি হয়। মানও ভালো। পদ অনেক থাকায় ইফতারে বৈচিত্র্যও থাকে।
বেইলি রোডের ক্রেতা ও দোকানি দুই পক্ষই বললেন, গত বছরের তুলনায় ইফতারের দাম বাড়েনি। সাধারণ পরোটা, কিমা পরোটা ও টানা পরোটার চাহিদা এখানে বেশি। পরোটার সঙ্গে গরু বা মুরগির মাংস কিনছেন ক্রেতারা। পরোটা ১০ থেকে ৪৫ টাকার মধ্যে। মাংস ভুনা ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা কেজি। গরমে রোজার কারণে লাচ্ছি ও ফালুদার বিক্রিও কম না।
রোজার মাসে এখানে অস্থায়ী দোকানও গড়ে ওঠে। দোকানিরা জানালেন, দুপুরের পর থেকেই বিক্রি শুরু হয়ে যায়, চলে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত। পাশাপাশি বড় বড় ইফতার পার্টির জন্য প্যাকেট ইফতারও এসব দোকান থেকে সংগ্রহ করা হয়। তরুণেরা এখানকার ফুটপাতে বসেও ইফতার করেন।
বেইলি রোডের ইফতারসামগ্রীর মধ্যে আছে বিভিন্ন ধরনের চপ, কাবাব ও মাংসের নানা ধরনের খাবার। মগজ ভুনা, খাসির হালিম, খাসির গ্রিল চাপ, গরুর চাপ, লুচি, কাচ্চি বিরিয়ানি (খাসি), ফিরনি, খাসির লেগ রোস্ট, বোরহানি, চিকেন রোস্ট (আস্ত), চিকেন ফ্রাই, চিকেন সমুচা, চিকেন ললি, জালি কাবাব, শিক কাবাব, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, কিমার চপ, পেঁয়াজু, বেগুনি, বেসন চপ, ছোলা, বাসমতির জর্দা, চাটনি, পনির সমুচা, নিমক পোড়া, বুন্দিয়া, হালিম, দইবড়া, সুতি কাবাব, রেশমি কাবাব ও কিমা পরোটা এখানে খুবই জনপ্রিয়। ফাস্টফুড আইটেমের মধ্যে বার্গার, হটডগ, স্যান্ডউইচ, সমুচা, চিজ বল, চিকেন সাসলিক, পেস্ট্রি, চিকেন ফ্রাই, পিৎজা ও আইসক্রিম মিলছে।
বেইলি রোডের ইফতারের অন্যতম আকর্ষণ হলো পিঠা ঘরের পিঠা। এখানে পাটিসাপটা, তেলের পিঠা, চিতই পিঠা, পান পিঠা, পাক্কান পিঠা, ভেজানো পিঠাসহ ৪০ রকমের পিঠা মেলে। ইফতারে ফখরুদ্দিনের বিরিয়ানি কেনেন ক্রেতারা। সুইস, স্কাইলার্ক, বারবিকিউ, নবাবী ভোজ, জলি-বি, হ্যালভেশিয়া, হকের মতো দোকানগুলো ক্রেতাদের কাছে অত্যন্ত পরিচিত। এসব দোকানে তাই ভিড়ও থাকে বেশি।