ইফতারে এক থালে দেশি-বিদেশি
খাবারটির নাম কিসেডিলা। পুরভরা রুটি। কিন্তু ঠিক পুরভরা রুটিও বলা যাচ্ছে না। মেক্সিকান খাবারটির ভেতরে মুরগির মাংস ঠাসা, রুটির ধার বেয়ে গড়িয়ে পড়ছে চিজ, নানান পদের সসে মাখামাখি। কেনাকাটা করতে গিয়ে যাঁদের ইফতারটা সারতে হচ্ছে বিপণিবিতানে, তাঁরাই বেছে নিচ্ছেন কিসেডিলার মতো বৈচিত্র্যপূর্ণ খাবার। ছোলা-পেঁয়াজু-বেগুনি-আলুর চপের পাশাপাশি ইফতারের পাতে জায়গা করে নিচ্ছে থাই-চায়নিজ আর দক্ষিণ ভারতীয় সব পদ।
গতকাল রোববার বিকেল চারটার দিকে বসুন্ধরা শপিং মলের ফুড কোর্ট ছিল মোটামুটি সুনসান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খাবারের দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন থাই হাউসের মালিক ও শেফ রিয়াজুল ইসলাম। লেবানিজ ও থাই ফুড রাঁধতে শিখেছিলেন সেখানেই। দেশে ফিরে ২০০৪ সালে লেবানিজ ও থাই খাবার দিয়ে ব্যবসা শুরু করেন। বেশ ভালো বিকোচ্ছে থাই ফুড। দুই ধরনের ইফতারির থালা আছে দোকানটির, দাম ৩৫০ ও ৬০০ টাকা।
ফুড কোর্টের ‘ইন্ডিয়ান মাসালা’য় দোসা, ছোলাবাটোরা, রাজকাচুরি, কড়াইকারির ভালো চাহিদা আছে। অনেকে ইফতারের সময় ভাত
খেতে পছন্দ করেন। তাঁদের কথা মাথায় রেখে ছোলা-পেঁয়াজুসহ তন্দুর ও রাইস থাকছে। খিচুড়ি, নুডলসও পাওয়া যাচ্ছে। আপেল, মাল্টার পাশাপাশি থাকছে আম, জাম আর তালের শাঁসের মতো ফল।
হরেক দেশের খাবারের মতো রমজান মাসে ইফতারে বৈচিত্র্য পেতে অনেকেই পিঠাঘরে যান। নূর পিঠাঘর গতকাল বসেছিল ২১ পদের পিঠা নিয়ে। ২৫ টাকার নূর মনসুর থেকে শুরু করে এই দোকানে পাওয়া যাচ্ছে ৮০ টাকার ইলিশ পিঠাও। পিঠার ভেতরে আছে ইলিশ মাছের কিমা। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাটিসাপটা, মুগপাকন ও নকশি পিঠা। যাঁরা মিষ্টি পিঠা খান না, বা খাওয়ায় নিষেধ আছে, তাঁদের জন্য আছে ঝালপুলি।
ফুড কোর্টে আরও আছে বিভিন্ন ধরনের ফলের জুস, আইসক্রিম ও স্যুপ। এখানে ইফতার পার্টিরও ব্যবস্থা আছে। সল্ট গ্রিল নামের একটি দোকানে ৪০০ মানুষ বসে ইফতার করতে পারবেন। এ দোকানে দুই ধরনের নির্ধারিত মেন্যু আছে। একটির দাম ৩৫০, অন্যটির ৪০০। ছোলা, পেঁয়াজু, চপ, বেগুনি, ফলের পাশাপাশি থালায় থাকছে বার-বি-কিউ চিকেন। এর বাইরে যে কেউ চাইলে মেক্সিকান ও মালয়েশিয়ান খাবার খেতে পারেন।