ইফতারে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বন্দ্ব কিছুতেই পিছু ছাড়ছে না বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির। এবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে।দ্বন্দ্বের এক পক্ষে বিএনপিদলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান। আরেক পক্ষে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর শাহে আলম। এই দুজনই আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছেন। যার প্রভাব পড়েছে দলে। যেকোনো সময় তা সংঘর্ষের রূপ নিতে পারে বলে তৃণমূলের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-২ (শিবগঞ্জ) আসন। আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেই এখানে জয়লাভ নিশ্চিত—এমন আশা নিয়ে মনোনয়ন পাওয়ার জন্য নিজের অবস্থান শক্ত দেখাতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন হাফিজুর রহমান ও মীর শাহে আলম। দুই নেতাই আগামী সংসদ নির্বাচনে নিজেকে এ আসনের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই এই দুই নেতা মোটরসাইকেল শোভাযাত্রা করে পৃথক ইফতার মাহফিলে উপস্থিত হচ্ছেন। এরপর ইফতারের আগে কর্মীসভার নামে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিষোদগার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে বক্তব্য দিচ্ছেন। জানতে চাইলে মীর শাহে আলম পক্ষের বিএনপির উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ জলিল বলেন, ‘বর্তমান সাংসদ নেতা-কর্মীদের দেখেন না। তিনি নিজের আখের গোছাতেই ব্যস্ত। এ রকম সাংসদের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মীর শাহে আলম তৃণমূলের নেতা। এ কারণে আমরা তাঁকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চাই।’ হাফিজুর রহমানের অনুসারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক লুৎফর রহমান বলেন, গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন মীর শাহে আলম। এখনো সে আঁতাত রয়েছে। তিনি দলের কোনো শৃঙ্খলা মানেন না। তিনি এখানে বিএনপি নয় ‘শাহ আলম দল’ গঠন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মীর শাহে আলম বলেন, ‘সাংসদের ওপর অনেক নেতা-কর্মীর ক্ষোভ আছে। তাঁরাই ক্ষুব্ধ হয়ে সাংসদের বিরুদ্ধে কথা বলেন। তবে আমি তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।’ হাফিজুর রহমান বলেন, ‘দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই উপজেলা চেয়ারম্যানের লোকজন গালিগালাজ করছে। আর আমার লোকজন কোনো গালিগালাজ নয়, ঠিক কথা বলছে।’