দুপুরে ধোলাইখালে ঢুকতেই পোড়া মবিলের গন্ধ ভেসে এল। চারপাশে লোহালক্কড়ের ঝনঝনানি আর সড়কে যানবাহনের কর্কশ শব্দের মিতালি। কিন্তু বিকেল নাগাদ আওয়াজ কমে আসছিল। মাগরিবের আজান ভেসে আসতেই নেমে এল নীরবতা। যেন অচেনা এক ধোলাইখাল।
রমজান মাসজুড়ে ধোলাইখালে এটিই স্বাভাবিক চিত্র। ব্যস্ততার কারণে বাসায় গিয়ে ইফতারের সময় পান না তাঁরা। রমজানে প্রতিদিন আসর নামাজের পর থেকে কর্মচঞ্চল ধোলাইখাল ধীরে ধীরে নীরব হতে থাকে। লোহা পেটানোর শব্দ কমতে থাকে। মবিলে কালিমাখা হাত ধুয়ে রোজাদারেরা ব্যস্ত হয়ে পড়েন ইফতারের আয়োজনে।
এ কে ট্রাক্টরের আইয়ুব আলী জানালেন, পাশাপাশি কয়েকটি দোকানের লোকজন মিলে এক জায়গায় ইফতার সারেন তাঁরা।
গতকাল মাগরিবের আজানের সময় নাসিরউদ্দীন সর্দার লেনের নিউ রাজন মোটরসের সামনে দেখা গেল, আশপাশের কয়েকটি দোকানের মালিক আর শ্রমিকেরা জড়ো হয়েছেন ইফতারে।
সারা দিন সিয়াম সাধনার পর ইফতারের সময় কিছুক্ষণের জন্য হলেও ঘুচে যায় মালিক-কর্মচারী বা শ্রমিকের ব্যবধান।